তানভীর আহমেদ রবিন
দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন জরুরি

সংগৃহীত ছবি
বিএনপির রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেছেন, সুযোগসন্ধানী ও সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করা জরুরি।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দল আয়োজিত সভায় এসব কথা বলেন রবিন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দলটি। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেদের সরকার গঠন করে ফেলেছিল বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সদস্যসচিব। তাঁর ভাষ্য, বিএনপি ফেসবুকের ওপর নির্ভর করে রাজনীতি করে না। দলটি জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনতে এবং নিজেদের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরতে চায়। এ ক্ষেত্রে রিকশা, ভ্যান ও অটোচালকেরা সাধারণ মানুষের সঙ্গে বিএনপির সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারেন।
রবিন বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকেরা প্রতিদিন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেশেন। তাঁরা মানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা জানেন। ফলে তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। এই সংগঠন বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করতে পারে।
২০২৩-২৪ সালের আন্দোলনে রিকশা ও ভ্যানচালকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রবিন বলেন, আন্দোলনে তাঁদের অবদান স্বীকৃতি পেয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে একটি রিকশা রাখা হয়েছে, যা আন্দোলনে রিকশাচালকদের ভূমিকার স্মারক হিসেবে বিবেচিত হতে পারে।
রিকশা-ভ্যানচালকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে মানুষের কাছ থেকে পাওয়া মতামত ও সমস্যার কথাও দলের নেতাদের জানাতে পারেন। এতে দলের নীতিনির্ধারকেরা সরাসরি মানুষের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে পারবেন।
রিকশা ও ভ্যানচালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রবিন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। প্রকৃত রিকশা ও ভ্যানচালকদের নিবন্ধনের আওতায় এনে তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে চালকদেরও নিয়ম মেনে চলতে হবে এবং ধৈর্য ধরতে হবে।
রিকশা-ভ্যান-অটোচালক দলের আহ্বায়ক আশফাকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাহাফুজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ অন্য নেতারা।




