জানালেন ইশরাক
মানবাধিকার লঙ্ঘন নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করছে সরকার

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবিলা করছে সরকার। ২০২৪ সালের জুলাই-আগস্টের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না সরকার বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রবিবার (২২ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঢাকা-৬ আসনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি ।
বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির এই সদস্য অভিযোগ করেন, ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিবাদীরা বিগত সময়ে বাংলাদেশের জনগণের অর্থ-সম্পদ লুটপাট করেছে। এখন সেই অর্থ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকারকে বিপাকে ফেলাই তাদের উদ্দেশ্য।
ইশরাক আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের শাসনামলে বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে। এ কারণে আন্তর্জাতিক ও দেশের আইন অনুযায়ী দলটির রাজনীতি করার সুযোগ নেই। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ভবিষ্যতে আদালতের মাধ্যমে দলটির রাজনৈতিক অস্তিত্ব থাকবে কি না, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছে তারা। এ পরিস্থিতিতে অবৈধভাবে অর্জিত সম্পদ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের মনোবল চাঙা করতেও এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেন ইশরাক। তার ভাষ্য, বিভিন্ন খাতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারা মনে করছে, বর্তমান সরকার স্থিতিশীল হলে তাদেরও বিচারের আওতায় আসতে হতে পারে। এ কারণে এসব কর্মকাণ্ডে তাদের ইন্ধন ও মদদ রয়েছে।
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, পুলিশ কেন অ্যাকশনে যাচ্ছে না। বর্তমান সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না। সে জন্যই তারা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং সহনশীল রয়েছে।’
অবস্থান কর্মসূচি শেষে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইশরাক হোসেন।




