আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের মিছিল

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা জেলা যুবদল।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে সাভার থানা রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে রেডিও কলোনি হয়ে সাভার সিটি মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
কর্মসূচিতে ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মাসুম, সাবেক সহ-সভাপতি তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাজ্জাদুল মিরাজ।




