জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নামে চিঠি

জুলাই যোদ্ধা মোহাম্মদ শামীমকে পাঠানো চিঠি
ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শামীমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। আজ বুধবার পাঠানো ওই চিঠিতে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শামীম।
ভুক্তভোগী শামীম ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের গেজেটভুক্ত যোদ্ধা।
শামীম জানান, আজ বুধবার বিকালে ঢাকা কলেজের হল গেটের সামনে একটি খামে ভরা চিঠি রেখে যায় অজ্ঞাত ব্যক্তি। পরে এক সহপাঠী তাকে ফোন করে জানান তার নামে একটি খাম ও চিঠি পাওয়া গেছে। এরপর হলের গেটে গেলে বন্ধু চিঠিটি তার হাতে তুলে দেন।
তিনি বলেন, হত্যার হুমকি দেওয়া চিঠিতে আমাকে ‘জুলাই জঙ্গী’ আখ্যা দিয়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে আমার ও কয়েকজন অনুসারীর ওপর বিশেষ ইউনিটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
চিঠিতে তাকে জানানো হয়, দীর্ঘদিন নজরদারির পর তাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগামী কয়েক দিনের মধ্যে দুজন ব্যক্তি দুবাই থেকে ঢাকায় আসবে। পাশাপাশি রাজধানীর কারওয়ান বাজারে তার বাসা এবং ঢাকা কলেজের একটি হলের দ্বিতীয় তলায় তাদের লোক অবস্থান করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
শামীমের গতিবিধি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ঘটনায় তার ফেসবুক পোস্টের দিনই তার মৃত্যুর তারিখ নির্ধারণ হয়েছে। তার কবরের স্থান দ্রুত নির্বাচন করার কথাও উল্লেখ করা হয়। শামীমকে জীবনের শেষ কয়েক দিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং ঢাকা কলেজে তার জানাজা যেন না হয়, তা নিশ্চিত করার হুমকি দেওয়া হয়েছে।
চিঠির শেষাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান লেখা রয়েছে। আর চিঠির নিচের অংশে আগ্নেয়াস্ত্র ও গোলাপ জলের ছবিও যুক্ত রয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ শামীম বলেন, ‘বিকালে কলেজের গেটে চিঠিটি পায় আমার এক বন্ধু। চিঠিতে আমার নাম দেখে হলে দিয়ে যায়। আমাকে হত্যার হুমকি দিয়েছে। এখন আমার জীবন হুমকির মুখে আছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এখন থানায় আছি। জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না, তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’



