ঢাবিতে ককটেল ফুটানোয় সাদিক কায়েম জড়িত থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

বায়ে সাদিক কায়েম, ডানে নাসির উদ্দীন নাসির।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
আজ মঙ্গলবার ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ সন্দেহের কথা জানান তিনি।
নাসির উদ্দীন বলেন, ‘শিবিরনেতা সাদিক কায়েম কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী নেতা সাদ্দামের (সাদ্দাম হোসেন) আহ্বানে সাড়া দিয়ে বউ-বাচ্চাকে সময় দিচ্ছেন। এটি লজ্জাজনক। গণঅভ্যুত্থানের পর তার এমন অবস্থান শিক্ষার্থীরা গ্রহণ করবে না।’
অতীতে ছাত্রলীগের সঙ্গে সাদিক কায়েমের সম্পর্ক ছিল দাবি করে নাসির বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েমকে দেখা গেছে। অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্য কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী পাসপোর্ট পাবেন কিনা যাচাই করতে চিঠি দিয়েছেন, আবেদন করেননি। ছাত্রদল মনে করে তিনি কোনোভাবে দেশে ফিরবেন না। তার নেতাকর্মীরা দেশে সুখে আছে এটা উনি পছন্দ করছেন না। তাদের বিপদে ফেলতেই বিভ্রান্তি সৃষ্টি করছেন। তিনি ভারতকে নিরাপদ মনে করছেন না বলেও মন্তব্য করেন নাসির।
এদিন, দুপুরে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের প্রশাসনিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সোহেল নামের এক প্রাইভেটকারচালক আহত হয়েছেন (৩৬)। ঘটনার সময় তিনি পার্কিং করে রাখা গাড়ির ভেতরে বসে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। হঠাৎ ওপর থেকে একটি ককটেল গাড়ির ওপর পড়লে কাচ ভেঙে যায় এবং সোহেল আহত হন।




