রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

সোমবার বিকালে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে ব্রিফিং করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে ব্রিফিং কালে এ ঘোষণা দেন তিনি।
এ সময় জামায়াত আমির বললেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটিকে অনুদান দিচ্ছি। তবে এটাই শেষ নয়, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলছিলেন, ‘কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।’
সরকারি দলের আশ্রয় প্রশ্রয়েই দেশ জুড়ে মব সন্ত্রাস চলছে বলে অভিযোগ করে শফিকুর রহমান বললেন, ‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার সাহস কেউ করতে পারে না।’
এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশধারী একদল ব্যক্তি সেন্টারে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




