ড. খন্দকার মারুফ
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের মডেল

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ড. খন্দকার মারুফ।
আইনজীবী খন্দকার মারুফ বলেছেন, একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য সামনে রেখে কাজ চলছে। দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এর সুফল জনগণের কাছেও দৃশ্যমান। মানুষ এখন উন্নত ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে।
এ উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলছিলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গুরুত্ব অপরিসীম। অপরাধ নির্মূল করতে হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।
কেউ বিএনপির পরিচয় দিলেও অপরাধ করলে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে জনস্বার্থবিরোধী অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. খন্দকার মারুফ।
সভায় ড. মারুফ আরও বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই সরকারে থাকে, তখনই জনগণের কল্যাণে কাজ করে। তারেক রহমানের নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে।
কৃষি উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার ঐতিহাসিক নদী-খাল খনন কর্মসূচি আবার চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ অব্যাহত রয়েছে।
ড. খন্দকার মারুফ বলেছেন, গত ছয় মাসে তারেক রহমান রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন নিয়ে কাজ করছেন।
দাউদকান্দি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সভায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসেবী ও মাদক কারবারিদের দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলামসহ অন্যরা।







