জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার—ছবি ভিডিও থেকে নেওয়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেইট) থেকে মিছিলটি শুরু হয়।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিছিল পূর্ব সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই সরকার জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।’
তিনি বললেন, জ্বালানির দাম বৃদ্ধির অর্থ হলো সকল খাতে ব্যয় বৃদ্ধি করা। সরকার লোকসানের কথা বারবার জ্বালানির দাম বৃদ্ধি করছে।
‘জনগণ এই লোকসানের আলাপ শুনতে চায় না। কারণ রাষ্ট্র কোনো লিমিটেড কম্পানি বা দোকান নয়। রাষ্ট্র সেবাদানকারী প্রতিষ্ঠান। লোকসানের কথা বলে মূল্য বৃদ্ধি জনগণ মানবে না’, যোগ করেন তিনি।
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি রফিকুল ইসরাম খান, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।




