জুলাই সনদ নিয়ে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে মাঠে বিএনপি

ছবি: আগামীর সময়
জুলাই সনদ ও গণভোট নিয়ে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও, সুত্রাপুর, মতিঝিল, লালবাগ, ডেমরা, শাহজাহানপুর ও ধানমন্ডি এলাকায় এ কর্মসূচি করেছেন মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় দিনে খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড, সুত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ড, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ড, ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড, শাহজাহানপুর থানার ১২ নম্বর ওয়ার্ড এবং ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডে চলে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বেলা ১১টায় মতিঝিল থানার বক্স কালভার্ট রোডে এবং বিকেল ৫টায় শাহজাহানপুর থানার ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ রোডের হোসাফ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন সড়কে করেছেন গণসংযোগ ও লিফলেট বিতরণ। মতিঝিলের কর্মসূচিতে ছিলেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং শাহজাহানপুরে যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৯টায় খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ডের জোড় পুকুর মাঠে সমাবেশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। এরপর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন সড়কে। সেখানে আরও ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, বিএনপি নেতা ইউনুস মৃধাসহ স্থানীয় নেতাকর্মীরা।
বেলা ১১টায় সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু। লক্ষ্মীবাজার খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশের পর বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বাহাদুর শাহ পার্কে সমাবেশের মাধ্যমে শেষ করা হয় কর্মসূচি।
দুপুর ২টায় লালবাগ থানার সাত শহীদ কমিউনিটি সেন্টারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছিলেন বিএনপির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
ডেমরা থানার সারুলিয়ার ডগাইর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চলে এ কর্মসূচি। এছাড়াও কর্মসূচি হয়েছে ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগেও।
কর্মসূচিতে জুলাই সনদ ও গণভোট নিয়ে ‘স্বার্থান্বেষী মহলের চক্রান্ত’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। তাদের ভাষ্য, ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষর করেছে বিএনপি, তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেছেন নেতারা।
কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এ বিষয়টির দিকে ইঙ্গিত করে বিএনপি নেতারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখছে সাধারণ মানুষ।




