রিজভী
১৭ বছর মত প্রকাশের সুযোগ ছিল না

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী
দেশে অনেক টেলিভিশন ও পত্রিকা থাকলেও গত ১৭ বছর কথা বলা এবং মত প্রকাশের সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘ওই সময় শুধুমাত্র একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের কথা বলার অধিকার ছিল। এর বাইরে যারা কথা বলার চেষ্টা করেছেন— তাদের কেউ গুমের শিকার হয়েছেন, আবার কেউ কারাগারে থাকতে বাধ্য হয়েছেন।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বললেন, ‘গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী করা এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজে সন্ত্রাস ও ঘুষ কমবে এবং সমাজ অনেক পরিচ্ছন্ন হয়ে উঠবে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, ‘গণমাধ্যমকে অনেক যাচাই-বাছাইয়ের পর সত্য প্রচার করতে হবে। সত্য প্রচার করতে গিয়ে জীবনের ঝুঁকি এলেও সেই ঝুঁকি বরণ করে নেওয়ার মানসিকতা থাকতে হবে।’
‘আইনের শাসন নিশ্চিত করতে যেমন প্রশাসন ও আদালতকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়, তেমনি গণতান্ত্রিক সরকারের অধীনে গণমাধ্যমকেও নিরপেক্ষভাবে কাজ করতে হয়’—যোগ করেন তিনি।
রিজভী বলেছেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে যখন কোনো আশ্রয় ছিল না, তখন ডিআরইউকে আশ্রয়ের জায়গা হিসেবে দেখেছি।’
এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডিআরইউয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সব সদস্যের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।






