প্রতিমন্ত্রী আমিনুল
পল্লবী-রূপনগরের পানির সংকট নিরসন হবে, হাসপাতাল পাবে মিরপুরবাসী

বৃহস্পতিবার পল্লবীতে গভীর নলকূপ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক—ছবি : আগামীর সময়
রাজধানীর পল্লবী ও রূপনগরে দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, ‘ইতোমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েকটির জায়গা বরাদ্দের কাজ চলছে। একই সঙ্গে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি।
আমিনুল হক বলেছেন, ‘পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকায় পাম্প স্থাপন করা হবে।
আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চান তিনি।
তিনি বলছিলেন, ‘পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।






