সম্পাদকীয়
কত ঝুমুর একা লড়বে?

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর গলাচিপায় সপ্তম শ্রেণির ছাত্রী ঝুমুর আক্তার নিজের বিয়ে নিজেই ঠেকিয়েছে। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে সে। জানিয়েছে, এখনই বিয়ে করতে চায় না, পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। তার আবেদনে বন্ধ হয়েছে বিয়ের আয়োজন। মাদ্রাসার সুপার ও একজন প্রতিমন্ত্রী তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝুমুরের এই জয়কে অভিনন্দন জানাতেই হয়। কিন্তু এ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ঝুমুরের জয় নয়; বরং প্রশ্নটি—নিজের শৈশব ও ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে একটি শিশুকে কেন নিজেকেই এতটা অসহায় অবস্থায় দাঁড়াতে হবে?
ঝুমুরের ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং বাংলাদেশের বাল্যবিয়ের ভয়াবহ বাস্তবতার একটি ছোট প্রতিচ্ছবি। দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ইউনিসেফের হিসাবে, দেশে বাল্যবধূর সংখ্যা ৪ কোটি ১৬ লাখ। আরও উদ্বেগজনক, ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত মেয়েদের অনুপাত ২০১৯ সালের ৩২ দশমিক ৯ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী, বর্তমান গতিতে বাল্যবিয়ে বন্ধ হতে ২০০ বছরের বেশি সময় লাগবে। অর্থাৎ আমরা একটি প্রজন্মকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছি, আর পরবর্তী প্রজন্মের জন্যও একই বিপদ রেখে যাচ্ছি।
এ সংকটের ব্যাখ্যায় প্রায়ই দারিদ্র্যকে সামনে আনা হয়। ঝুমুরের বাবার বক্তব্যেও সে বাস্তবতা রয়েছে। কিন্তু বাল্যবিয়ের দায় শুধু দারিদ্র্যের ওপর চাপিয়ে দিলে সমাজের গভীরে থাকা বৈষম্য ও নিয়ন্ত্রণের মানসিকতা আড়াল হয়ে যায়। ব্র্যাকের এক জরিপে বাল্যবিয়ে দেওয়া পরিবারগুলোর ৪৪ শতাংশ উপযুক্ত পাত্র পাওয়াকে কারণ বলেছে, দারিদ্র্যের কথা বলেছে ১৮ শতাংশ। এমনকি ধনী ও মধ্যবিত্ত পরিবারেও বাল্যবিয়ের হার ৫০ শতাংশের বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে মেয়েদের চলাফেরা, সম্পর্ক ও নিয়ন্ত্রণের সামাজিক তাগিদ। কোথাও ধর্মীয় পবিত্রতার দোহাই দিয়ে বলা হচ্ছে, আগে বিয়ে দিলে মেয়ে গুনাহ থেকে বাঁচবে। অথচ যে সমাজ মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে সমাজই নিরাপত্তার নামে তাদের শৈশব কেড়ে নেয়। বিয়েকে এখানে শিশুর সুরক্ষা নয়, পরিবারের উদ্বেগ ও সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার বানানো হচ্ছে।
রাষ্ট্রের ব্যর্থতা আরও স্পষ্ট আইনের প্রয়োগে। ২০১৭ সালের বাল্যবিয়ে নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ নির্ধারণ করা হলেও ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ ও অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়েকে অপরাধের বাইরে রাখার সুযোগ দেওয়া হয়েছে। কত কম বয়সে এমন বিয়ে হতে পারে, তারও নির্দিষ্ট সীমা নেই। যে আইন বাল্যবিয়ে প্রতিরোধের জন্য, সেই আইনের মধ্যেই বাল্যবিয়ের ব্যতিক্রমী বৈধতা রাখার এ ব্যবস্থা মূল সুরক্ষাকেই দুর্বল করে। অন্যদিকে, জাতীয় থেকে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি থাকার কথা থাকলেও ইউনিসেফের পর্যালোচনায় অধিকাংশ কমিটিকে অকার্যকর বলা হয়েছে। অর্থাৎ আইন আছে, কমিটি আছে; কিন্তু প্রতিরোধের স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেই।
এখানে রাষ্ট্রের দায়িত্ব শুধু বিয়ের দিন প্রশাসন পাঠিয়ে মুচলেকা নেওয়া নয়। দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আর্থিক নিশ্চয়তা, জন্মনিবন্ধনে জালিয়াতি বন্ধ, স্থানীয় প্রতিরোধ কমিটির কার্যকারিতা এবং ১৯ ধারা বাতিল— সবই জরুরি। সমস্যাটি শুধু মানসিকতার নয়, অর্থনৈতিক নিরাপত্তা ও বাস্তব প্রণোদনারও। ঝুমুরের সাহসকে অভিনন্দন। কিন্তু রাষ্ট্রের সাফল্য ঝুমুরের মতো সাহসী মেয়ের সংখ্যা দিয়ে মাপা যাবে না; মাপতে হবে কতজন মেয়েকে নিজের বিয়ে ঠেকাতে সাহসের পরীক্ষা দিতে হচ্ছে না, তা দিয়ে। একটি শিশুকে তার শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎ রক্ষার জন্য পরিবারের বিরুদ্ধে আবেদন লিখতে হবে— এটিই রাষ্ট্রের জন্য লজ্জার। ঝুমুর জিতেছে, এবার রাষ্ট্রের জেতার পালা।



