আগুন-সন্ত্রাস ও নাশকতা ইসলামে গুরুতর অপরাধ

গ্রাফিকস: আগামীর সময়
মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা সভ্য সমাজের অন্যতম মৌলিক অধিকার। মানুষ নির্ভয়ে চলাফেরা করবে, কর্মস্থলে যাবে, জীবিকা নির্বাহ করবে এবং পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করবে— এটাই স্বাভাবিক প্রত্যাশা। অথচ যখন চলন্ত বাসে আগুন দেওয়া হয়, বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় কিংবা পেট্রলবোমা নিক্ষেপ করে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা হয়, তখন শুধু কিছু যানবাহন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় না; বিপন্ন হয়ে পড়ে অসংখ্য মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ। এসব কর্মকাণ্ড যে উদ্দেশ্যেই ঘটানো হোক, নিরপরাধ মানুষের জীবন ও সম্পদকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনো নৈতিক বা ধর্মীয় বৈধতা নেই। ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ এবং মানবতার পরিপন্থী।
ইসলাম মানুষের জীবনকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত সম্পদ হিসেবে ঘোষণা করেছে। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যা করল, প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল। আর যে কারও জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২) এ আয়াত মানুষের জীবনের সর্বজনীন মর্যাদা তুলে ধরে। সুতরাং অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা এমন কোনো কর্মকাণ্ড, যাতে নিরপরাধ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে, তা ইসলামের জীবনরক্ষার মৌলিক দর্শনের সম্পূর্ণ পরিপন্থী ও গর্হিত কাজ।
আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারেও ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল আগুনের রবের।’ (বুখারি, হাদিস: ৩০১৬) হাদিসটি আগুন দিয়ে শাস্তি দেওয়ার নিষেধাজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয়। এ থেকে আগুনের ভয়াবহতা এবং জীবন্ত প্রাণীকে দগ্ধ করার ব্যাপারে ইসলামের কঠোর অবস্থান উপলব্ধি করা যায়। যে আগুন মানুষের জীবন কেড়ে নেয়, শরীর ঝলসে দেয় এবং একটি পরিবারকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে দেয়, সেই আগুনকে নাশকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা কত বড় নিষ্ঠুরতা, তা সহজেই অনুমেয়।
বর্তমান বাস্তবতায় আগুন-সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক সচেতনতা বাড়ানো জরুরি
অগ্নিসংযোগের ক্ষতি শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি বাসে আগুন লাগলে চালক, সহকারী, যাত্রী ও পথচারী— যে কেউ এর শিকার হতে পারেন। কোনো অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিলে বহু মানুষের কর্মসংস্থান ও জীবিকা বিপন্ন হয়। বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেছিলেন, ‘নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য পবিত্র।’ (বুখারি, হাদিস: ৬৭; মুসলিম, হাদিস: ১৬৭৯) অর্থাৎ মানুষের জীবন, সম্পদ ও মর্যাদায় অন্যায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।
প্রকৃত মুসলমানের পরিচয়ও নির্ধারিত হয়েছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (বুখারি, হাদিস: ১০; মুসলিম, হাদিস: ৪০) এ হাদিসের শিক্ষা অত্যন্ত ব্যাপক। যে ব্যক্তি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করে, জনপদে আতঙ্ক ছড়ায় কিংবা মানুষের সম্পদ ধ্বংস করে, তার আচরণ নবীজি (সা.) বর্ণিত মুসলিমের আদর্শ পরিচয়ের সম্পূর্ণ বিপরীত।
ইসলাম সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সুরা আ’রাফ, আয়াত: ৫৬) প্রখ্যাত মুসলিম আইনবিদ ইমাম আবু ইসহাক আশ-শাতিবি (রহ.) তার বিখ্যাত গ্রন্থ আল-মুওয়াফাকাত-এ শরিয়তের পাঁচটি মৌলিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো দ্বীন, জীবন, বিবেক, বংশধারা ও সম্পদের সুরক্ষা। (আল-মুওয়াফাকাত, মাকাসিদুশ শরিয়াহ অধ্যায়) এ দৃষ্টিকোণ থেকে অগ্নিসংযোগ ও নাশকতা শুধু সম্পদ বিনষ্টের অপরাধ নয়; বরং মানুষের জীবন, সম্পদসহ শরিয়তের মৌলিক উদ্দেশ্যগুলোর ওপর সরাসরি আঘাত।
তবে অপরাধ দমনের ক্ষেত্রেও ইসলামের ন্যায়বিচারের নীতি অক্ষুণ্ণ রাখতে হবে। অপরাধী যে-ই হোক, যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তার বিচার নিশ্চিত করতে হবে। সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা কিংবা নিরপরাধ মানুষের ওপর দায় চাপানোও গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের সুবিচার না করতে প্ররোচিত করে। তোমরা সুবিচার করো। এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী।’ (সুরা মায়িদা, আয়াত: ৮)
বর্তমান বাস্তবতায় আগুন-সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক সচেতনতা বাড়ানো জরুরি। আলেম-ওলামা, ইমাম-খতিব, শিক্ষক, অভিভাবক ও সামাজিক নেতৃত্বকে মানুষের জানমালের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে হবে। তরুণ প্রজন্মকে বোঝাতে হবে, অন্যের ক্ষতি করা বীরত্ব নয়; বরং মানুষের জীবন রক্ষা করা এবং বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।
অগ্নিসংযোগ শুধু একটি যানবাহন বা ভবন পোড়ায় না; কখনো তা একটি পরিবারের স্বপ্ন, একটি শিশুর ভবিষ্যৎ এবং অসংখ্য মানুষের জীবিকার অবলম্বনও পুড়িয়ে দেয়। ইসলাম মানুষের হাতে ধ্বংসের দায়িত্ব নয়, বরং কল্যাণ ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেছে। তাই এসব কর্মকাণ্ড রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত যে উদ্দেশ্যেই সংঘটিত হোক, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যারা আগুন-সন্ত্রাস ও নাশকতা চালানোর অপচেষ্টা করবে, তাদের প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। কারণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করার বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের অপরিহার্য দাবি। মানুষের জানমাল ও জননিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের পাশাপাশি প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
লেখক: আলেম ও সাংবাদিক



