পরিবহন আধুনিক আচরণে আদিম

সংগৃহীত ছবি
প্রযুক্তি ও অবকাঠামোর অগ্রগতিতে আধুনিকতার নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। মানুষ আগের চেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাচ্ছে। কিন্তু এ দ্রুতগতির যাত্রায় একটি প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে— আমাদের বিবেক কি একই গতিতে এগোচ্ছে? নাকি আধুনিক পরিবহনের ভিড়ে কোথাও হারিয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ?
সম্প্রতি মেট্রোরেলে এক প্রবীণ ব্যক্তির মৃত্যুর ঘটনা আমাদের সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। অসুস্থ বোধ করার পরও তিনি বসার জায়গা পাননি। তার মৃত্যুর সঙ্গে আসন না পাওয়ার সরাসরি সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত না হয়ে বলা যায় না। কিন্তু একটি আসনের জন্য একজন প্রবীণ মানুষের অসহায় অপেক্ষা আমাদের সামাজিক দায়িত্ববোধের দৈন্যকে সামনে নিয়ে এসেছে। যে সমাজে বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির জন্য সামান্য জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হয় না, সেই সমাজের উন্নয়নের দাবি কতটা যৌক্তিক?
গণপরিবহন শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর বাহন নয়; এটি সমাজের সামষ্টিক আচরণেরও প্রতিচ্ছবি। এখানে প্রবীণ, শিশু, নারী, প্রতিবন্ধী, অসুস্থ ও কর্মজীবী মানুষ একই যাত্রায় অংশ নেন। কিন্তু তাদের সবার শারীরিক সামর্থ্য, প্রয়োজন ও নিরাপত্তার বাস্তবতা এক নয়। একজন তরুণের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সামান্য অসুবিধা হলেও একজন বৃদ্ধ কিংবা অন্তঃসত্ত্বার কাছে তা শারীরিক যন্ত্রণার কারণ। তাই গণপরিবহনের প্রকৃত আধুনিকতা নির্ধারিত হওয়া উচিত দুর্বলতম যাত্রীর অভিজ্ঞতা দিয়ে। এই অভিজ্ঞতার সবচেয়ে ভয়াবহ দিক নারীদের নিরাপত্তাহীনতা। গণপরিবহনে যৌন হয়রানি, অশালীন আচরণ ও শারীরিক নিপীড়নের ঘটনা নারীর স্বাভাবিক চলাচলকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। এর চেয়েও নির্মম বাস্তবতা হলো, চলন্ত বাসে ধর্ষণের পর ২০১৭ সালে কর্মজীবী নারী রূপাকে হত্যা করা হয়। ২০২৩ সালে ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টার শিকার হয়ে বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান পোশাকশ্রমিক শামসুন্নাহার। এসব ঘটনা মনে করিয়ে দেয়, গণপরিবহনে নিরাপত্তার অভাব কখনো কখনো জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়।
একটি আসন হয়তো কয়েক বর্গফুট জায়গা; কিন্তু প্রয়োজনের মুহূর্তে সেই জায়গা ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে বিশাল মানবিকতা। পরিবহন আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, আর মানবিকতা আমাদের মানুষ করে তোলে। আমাদের প্রয়োজন শুধু দ্রুতগতির গণপরিবহন নয়, এমন এক যাত্রাসংস্কৃতি— যেখানে কেউ কারও অসহায়ত্বের দর্শক হয়ে থাকবে না।
লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক, বংশীকুণ্ডা, মধ্যনগর, সুনামগঞ্জ



