Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

জলবায়ু অর্থায়ন কি ধীরে ধীরে ব্যবসা হয়ে যাচ্ছে?

মীর মোহাম্মদ আলী
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
জলবায়ু অর্থায়ন কি ধীরে ধীরে ব্যবসা হয়ে যাচ্ছে?

গ্রাফিকস: আগামীর সময়

তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১। উদ্বোধনী ভাষণে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম বলেছেন, প্রতিশ্রুতির পেছনে এখন পুঁজি থাকতে হবে, সেই পুঁজি যাবে বিনিয়োগে, আর বিনিয়োগকে ফল দিতে হবে। প্রথম সপ্তাহের সরকারি ঘোষণা, সমঝোতা আর আলোচনার শিরোনাম জুড়ে একই শব্দ ঘুরেফিরে এসেছে: গ্যারান্টি, ব্লেন্ডেড ফাইন্যান্স, ঝুঁকি-ভাগাভাগি, ‘ব্যাংকেবল প্রজেক্ট’, রিটার্ন। একসময় জলবায়ু অর্থায়নের আলোচনা হতো অনুদান, সহায়তা আর ঐতিহাসিক দায় নিয়ে। দাতা দেশের বাজেট, আন্তর্জাতিক চুক্তির ভাষা, উন্নয়ন ব্যাংকের কৌশল, এমনকি অভিযোজনের তহবিল, সব জায়গাতেই এখন একই প্রবণতা: অনুদান থেকে সরে বিনিয়োগের দিকে যাত্রা। সংখ্যাগুলো সেটাই বলছে।

অনুদানের উৎস শুকিয়ে আসছে

জলবায়ু অর্থায়নের অনুদানের বড় অংশ আসে উন্নত দেশের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) থেকে। ওইসিডি-র প্রাথমিক হিসাবে ২০২৫ সালে এই সহায়তা প্রকৃত মূল্যে ২৩ দশমিক ১ শতাংশ কমে ১৭৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমেছে, যা ইতিহাসে এক বছরে সবচেয়ে বড় পতন এবং যা সহায়তাকে ২০১৫ সালের স্তরে ফিরিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি কমেছে দ্বিপক্ষীয় অনুদান, প্রায় ২৯ শতাংশ। ২০২৬ সালে আরও ৫ দশমিক ৮ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছে ওইসিডি। আর এই পতনের জবাবে সংস্থাটির নিজের পরামর্শ হলো, সীমিত সম্পদকে নতুন বিনিয়োগের উৎস খুলে দেওয়ার কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। অনুদান কমছে, আর যেটুকু থাকছে তার কাজ হয়ে উঠছে বিনিয়োগ টানা।

চুক্তির ভাষা বদলাচ্ছে

জলবায়ু অর্থায়নের আইনি ভিত্তি প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৯। অনুচ্ছেদ ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলো প্রশমন ও অভিযোজনে উন্নয়নশীল দেশকে আর্থিক সম্পদ ‘প্রদান করবে’। অনুচ্ছেদ ৯.৩ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের কথা বললেও সরকারি তহবিলের ‘উল্লেখযোগ্য ভূমিকা’র কথা মনে করিয়ে দেয়। অনুচ্ছেদ ৯.৪ প্রশমন ও অভিযোজনের মধ্যে ভারসাম্য চায় এবং স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য অভিযোজনে সরকারি ও অনুদানভিত্তিক সম্পদের প্রয়োজনীয়তা স্বীকার করে। ২০২৫ সালের ২৩ জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সর্বসম্মত পরামর্শমূলক মতামতও বলেছে, উন্নত রাষ্ট্রগুলোর আর্থিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা আছে এবং অভিযোজনে তাদের দায়িত্ব অতিরিক্ত।

কিন্তু পরের সিদ্ধান্তগুলোতে ভাষা বদলেছে। ২০২৪ সালে বাকুর কপ-২৯’এ গৃহীত নতুন অর্থায়ন লক্ষ্যের (এনসিকিউজি) অনুচ্ছেদ ৭ উন্নয়নশীল দেশের জন্য ‘সব সরকারি ও বেসরকারি উৎস’ মিলিয়ে ২০৩৫ সালের মধ্যে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের আহ্বান জানিয়েছে। মূল লক্ষ্য, বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার, আসবে অনুচ্ছেদ ৮ অনুযায়ী ‘সরকারি ও বেসরকারি, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়, বিকল্প উৎসসহ বিস্তৃত উৎস’ থেকে। অর্থাৎ যা ছিল উন্নত দেশের সরকারি দায়, তার হিসাবে এখন বেসরকারি বিনিয়োগ ও উন্নয়ন ব্যাংকের অর্থ গোনার পথ খোলা। জাতিসংঘের জলবায়ু তহবিলগুলোর অর্থছাড় তিনগুণ করার কথাও আছে (অনুচ্ছেদ ১৬), তবে ‘প্রচেষ্টা’ হিসেবে, এবং ভিত্তি ধরা হয়েছে ২০২২ সাল, যে বছর এই তহবিলগুলোর অর্থছাড় ছিল অস্বাভাবিক কম।

আরও পড়ুন

দুই প্রান্তে আমরা নেই

১২ নভেম্বর ২০২৬

অভিযোজনের অঙ্গীকারেও একই চিত্র। ২০২১ সালের গ্লাসগো চুক্তিতে ২০২৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করে প্রায় ৪০ বিলিয়ন ডলারে তোলার কথা ছিল; ইউএনইপি জানিয়েছে, বর্তমান ধারায় তা পূরণ হবে না। ২০২১–২২ সালে সরকারি জলবায়ু অর্থায়নের ৫৯ শতাংশ গেছে প্রশমনে, যেখানে বিনিয়োগের সুযোগ আছে; অভিযোজনে গেছে ৩৩ শতাংশ। ২০২৫ সালে বেলেমের কপ-৩০ অভিযোজন অর্থায়ন তিনগুণ করার লক্ষ্য নিয়েছে, কিন্তু সময়সীমা ২০৩০ থেকে সরিয়ে ২০৩৫ করা হয়েছে, ভিত্তিবর্ষ ঠিক হয়নি, কোন দেশ কতটা দেবে তাও নির্ধারিত নয়।

উন্নয়ন ব্যাংক: অনুদানদাতা থেকে বিনিয়োগ টানার যন্ত্র

উন্নয়ন ব্যাংকগুলোর ভূমিকাও বদলাচ্ছে। তাদের কাছে এখন প্রত্যাশা, নিজেদের আইন, ঝুঁকি কাঠামো ও কর্মসংস্কৃতি বদলে প্রতিটি সরকারি ডলার দিয়ে যত বেশি সম্ভব বেসরকারি ডলার টানা। ওইসিডি-র ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি উন্নয়ন অর্থায়নের মাধ্যমে ৬০০ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ এসেছে, ২০২৪ সালে রেকর্ড ৭৭ বিলিয়ন। এর মাত্র প্রায় ৪০ শতাংশ, বছরে গড়ে ২৬ বিলিয়ন ডলার, গেছে জলবায়ু খাতে। প্রধান হাতিয়ার গ্যারান্টি, বছরে গড়ে প্রায় ২২ বিলিয়ন ডলার; অর্থাৎ সরকারি অর্থ ব্যবহার হচ্ছে বিনিয়োগকারীর ঝুঁকি কমাতে। আর দেশভিত্তিক বিনিয়োগের প্রায় এক-চতুর্থাংশ গেছে কেবল ব্রাজিল ও ভারতে। পুঁজি যায় বড় বাজার, স্থিতিশীল অর্থনীতি আর লাভজনক প্রকল্পে; জলবায়ু-ঝুঁকির মানচিত্র আর বাজারের মানচিত্র এক নয়। ওইসিডি মহাসচিব ম্যাথিয়াস করম্যান কপ-৩১ উপলক্ষে স্পষ্টই বলেছেন, বেসরকারি পুঁজি প্রয়োজনীয় মাত্রায় আসবে কেবল পূর্বানুমেয় নীতি, দক্ষ নিয়ন্ত্রণ আর ব্যাংকেবল প্রকল্পের শক্তিশালী সরবরাহ থাকলে।

আনতালিয়া: বিনিয়োগের সম্মেলন

আনতালিয়ায় প্রথম সপ্তাহের চুক্তি ও অঙ্গীকারগুলো মূলত আলোচনার টেবিলের বাইরের স্বেচ্ছামূলক উদ্যোগ, এবং প্রায় সবগুলোর কেন্দ্রে বিনিয়োগ। ‘৩৫-বাই-৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ প্রায় ২৩ থেকে ৩৫ শতাংশে তোলা; এর পক্ষে দাঁড়িয়েছে বার্ষিক ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার আয়ের ১৮০টির বেশি কোম্পানি, আর ইউটিলিটি জোট বার্ষিক বিনিয়োগ প্রতিশ্রুতি ১৪৮ থেকে ১৫৬ বিলিয়ন ডলারে তুলেছে। এর অর্থায়নে গঠিত হয়েছে সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি অর্থলগ্নিকারীদের ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’। এসেছে আনতালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস, আনতালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট, আর বিজনেস ফোরামে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের ৬০০-র বেশি শীর্ষ নির্বাহী।

অঙ্কগুলো পাশাপাশি রাখলে অগ্রাধিকার বোঝা যায়। ১২ নভেম্বর তুরস্ক ও চীন প্রায় ১৫ বিলিয়ন ডলারের নবায়নযোগ্য জ্বালানি চুক্তি সই করেছে। একই দিনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্ল্যাটফর্মের জন্য ঘোষণা করেছে ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ টানা; অথচ অভিযোজনের জন্য পাঁচটি দেশ ও একটি অঞ্চল মিলিয়ে ঘোষিত হয়েছে ১৯০ মিলিয়ন ডলার পর্যন্ত। অভিযোজনও এখন বিনিয়োগের ভাষায় কথা বলছে: শহরের সহনশীলতার নতুন অর্থায়ন সুবিধার কাজ অগ্রাধিকারগুলোকে ‘বিনিয়োগ-উপযোগী’ প্রকল্পে রূপ দেওয়া, আর CIF-এর অভিযোজন কর্মসূচির লক্ষ্য জলবায়ু ঝুঁকিকে ‘অর্থায়ন-উপযোগী’ বিনিয়োগে রূপান্তর। তুলনায় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নিজস্ব মালিকানার জনগোষ্ঠীভিত্তিক অভিযোজন তহবিল পেয়েছে ২০০ মিলিয়ন ডলারের কিছু বেশি প্রতিশ্রুতি।

আরও পড়ুন

সোনালি আঁশকে আমরা ভালোবাসি, মাপি না

১১ নভেম্বর ২০২৬

যেখানে বাজার যায় না

এই রূপান্তরের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে অভিযোজন ও ক্ষয়ক্ষতি। ইউএনইপির অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ২০৩৫ সালে উন্নয়নশীল দেশের অভিযোজন চাহিদা বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার, অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল ২৬ বিলিয়ন, আগের বছরের চেয়েও কম। অভিযোজনে বেসরকারি অর্থ এখন বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার; নীতি সহায়তা আর ব্লেন্ডেড ফাইন্যান্স দিয়েও এর বাস্তবসম্মত সম্ভাবনা প্রায় ৫০ বিলিয়ন, চাহিদার ছয় ভাগের এক ভাগেরও কম। অর্থাৎ বিনিয়োগ-নির্ভর মডেল অভিযোজনের ঘাটতি পূরণ করতে পারবে না, এটা ইউএনইপিরই হিসাব।

অনুদানের জায়গা নিচ্ছে ঋণ। উন্নত দেশ থেকে আসা অভিযোজন অর্থের ৫৯ শতাংশই ঋণ। অক্সফাম ও কেয়ার-এর শ্যাডো রিপোর্ট ২০২৫ অনুযায়ী সরকারি জলবায়ু অর্থায়নের প্রায় দুই-তৃতীয়াংশ ঋণ, স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের ক্ষেত্রেও প্রায় অর্ধেক; আর জলবায়ু ঋণে প্রতি ৫ ডলার পেয়ে উন্নয়নশীল দেশগুলো ফেরত দিচ্ছে প্রায় ৭ ডলার। ক্ষয়ক্ষতি তহবিলে (এফআরএলডি) ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি প্রায় ৮২২ মিলিয়ন ডলার, জমা পড়েছে প্রায় ৪৪৮ মিলিয়ন; শুধু প্রথম দফাতেই বাংলাদেশসহ দশটি দেশ ১৬৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশের হিসাব

বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ ২০২৩–২০৫০) বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার, গড়ে বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন, যার প্রায় ৬ বিলিয়ন আসার কথা আন্তর্জাতিক উৎস থেকে। এই অঙ্ক ২০২৩ সালে সারা বিশ্বের উন্নয়নশীল দেশে যাওয়া মোট আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থের প্রায় ২৩ শতাংশের সমান। ক্ষয়ক্ষতি তহবিলে এ পর্যন্ত জমা পড়া পুরো অর্থ বাংলাদেশের এক বছরের অভিযোজন চাহিদার প্রায় ৫ শতাংশ। তৃতীয় জাতীয় প্রতিশ্রুতি (এনডিসি ৩.০) অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে নিঃসরণ কমাতে লাগবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার, যার ৯০ দশমিক ২৩ বিলিয়ন আন্তর্জাতিক অর্থায়নের ওপর নির্ভরশীল। দেশের ভেতরে ২০২৬–২৭ অর্থবছরে জলবায়ু-সম্পর্কিত বরাদ্দ ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা, বাজেটের ৫ দশমিক ৫২ শতাংশ; নিজস্ব অর্থের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে বরাদ্দ মাত্র ১০০ কোটি টাকা।

বিনিয়োগমুখী এই নতুন ব্যবস্থা বাংলাদেশের জন্য দুই রকম অর্থ বহন করে। প্রশমনের খাতে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুতায়ন, সবুজ শিল্প, বন্দর ও ব্লু ইকোনমিতে, সুযোগ আছে; আমদানিনির্ভর জ্বালানি খাতের দেশ হিসেবে প্রাসঙ্গিকতাও আছে, কারণ গ্লোবাল রিনিউয়েবলস অ্যালায়েন্সের হিসাবে চলমান জ্বালানি সংকটের প্রতিটি দিন আমদানিকারক দেশগুলোর বাড়তি খরচ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার। এই সুযোগ নিতে প্রকল্প প্রস্তুতি, নীতির স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশ জরুরি। কিন্তু ন্যাপের বড় অংশ, যেমন উপকূলীয় বাঁধ, লবণাক্ততা মোকাবিলা, সুপেয় পানি, আগাম সতর্কবার্তা আর জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, এমন খাত যেখানে বিনিয়োগকারীর আর্থিক রিটার্ন নেই। অনুদান সরে গেলে এই খাতগুলো পিছিয়ে পড়বে, অথবা এগুলোর খরচ ঋণ হয়ে উঠবে এমন এক দেশের কাঁধে, বৈশ্বিক নিঃসরণে যার অবদান নগণ্য।

আরও পড়ুন

ব্রেক্সিটের দেয়ালে ফের দরজা!

০৬ নভেম্বর ২০২৬

কপ-৩১-এ কী চাওয়া উচিত

বেসরকারি পুঁজি দরকার, তবে সরকারি দায়ের সম্পূরক হিসেবে, বিকল্প হিসেবে নয়। প্রশমনে বাজার কাজ করতে পারে; অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক ও ন্যায্যতাভিত্তিক। চুক্তি আর সংখ্যা থেকে চারটি দাবি সরাসরি উঠে আসে। প্রথমত, প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৯.১ ও ৯.৪ অনুযায়ী এনসিকিউজির ৩০০ বিলিয়ন ডলারের হিসাবে অনুদান, রেয়াতি ঋণ, বাণিজ্যিক ঋণ ও গ্যারান্টির মাধ্যমে আনা বেসরকারি বিনিয়োগ আলাদা করে এবং অনুদান-সমতুল্য মূল্যে দেখাতে হবে, যাতে ঋণ বা বাজারের টাকা দিয়ে সরকারি দায় পূরণ দেখানো না যায়। দ্বিতীয়ত, অভিযোজন অর্থায়ন তিনগুণ করার লক্ষ্যে স্পষ্ট ভিত্তিবর্ষ, দেশভিত্তিক দায় আর অনুদানের ন্যূনতম অংশ নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, জাতিসংঘ জলবায়ু তহবিলগুলোর অর্থছাড় তিনগুণ করার পথরেখা দিতে হবে এবং ক্ষয়ক্ষতি তহবিলের প্রতিশ্রুতি জমায় রূপ দিয়ে ২০২৭ সালের প্রথম পুনঃঅর্থায়নে তা বহুগুণ বাড়াতে হবে। চতুর্থত, ঝুঁকিপূর্ণ দেশের অভিযোজনে নতুন ঋণের বদলে অনুদান ও ঋণ-অদলবদলকে অগ্রাধিকার দিতে হবে।

আনতালিয়াকে বলা হচ্ছে ‘বাস্তবায়নের কপ’। কিন্তু সংখ্যা বলছে, বাস্তবায়নের গতি সবচেয়ে বেশি সেখানে, যেখানে মুনাফা আছে; আর চুক্তিতে লেখা দায় যেখানে, সেখানে অঙ্ক সবচেয়ে ছোট। জলবায়ু সংকটের দায় যাদের, অর্থের দায়ও তাদের; সেই দায় বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না। তাই কপ-৩১-এর অর্থায়ন আলোচনায় বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রশ্নটা জোর দিয়ে তুলতে হবে: জলবায়ু অর্থায়ন কি মানুষের জন্য, নাকি মুনাফার জন্য?

লেখক: সহকারী অধ্যাপক, অ্যাকোয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
ই-মেইল: [email protected]

কপ-৩১ সম্মেলনতুরস্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা