Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

সোনালি আঁশকে আমরা ভালোবাসি, মাপি না

  • দায়টা শুধু প্রথম বিশ্বের নয়
  • ভালোবাসা আছে, পদক্ষেপ নেই
  • পোশাক খাতকে বাধ্য করা হয়েছিল, পাটকে কেউ করেনি
  • জাতিসংঘে প্রস্তাবটি আমাদেরই
  • চারটি কাজ, একটিও কঠিন নয়
তুরস্ক থেকে আসিফ ইকবাল
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯
শেয়ার করুন:
সোনালি আঁশকে আমরা ভালোবাসি, মাপি না

আমি মন্ত্রী নই, আলোচক নই, কূটনীতিকও নই। আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের যে পাট প্যাভিলিয়নটি আছে, আমি সেখানে আছি একজন ছোট পাট উদ্যোক্তা হিসেবে। আমার পরিচয় এটুকুই যে, আমি এই আঁশ দিয়ে পণ্য বানাই এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাই। ঠিক সেই জায়গা থেকেই এখানে এসে একটা কথা বারবার মনে হচ্ছে, যা ঢাকায় বসে কোনোদিন এভাবে মনে হয়নি। আমরা পাটকে নিয়ে যত কথা বলি, তার একটিও পৃথিবীর হিসাবের খাতায় লেখা নেই।

পৃথিবীর একেবারে প্রথম অনুমোদিত কার্বন পরিমাপ পদ্ধতিটি পাস হয়েছে গত বছরের অক্টোবরে, প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬ দশমিক ৪-এর অধীনে। পদ্ধতিটি তৈরি হয়েছে ময়লার ভাগাড় থেকে নির্গত গ্যাসের জন্য। এরপর যে কয়টি পদ্ধতি অনুমোদন পেয়েছে, সেগুলো শুধু রান্নার চুলার মধ্যে সীমাবদ্ধ। এর অর্থ দাঁড়ায়, কোন পদক্ষেপ

জলবায়ুর জন্য কতটা উপকারী, আর সেই উপকারের বাণিজ্যিক মূল্য কে কতটা পাবে, সেটা ঠিক করার বৈশ্বিক ব্যবস্থাটি সবে হাঁটতে শিখছে। তার তালিকায় প্রাকৃতিক তন্তুর নাম এখনো ওঠেনি।

স্বেচ্ছাসেবী কার্বন বাজারের দুই বড় রেজিস্ট্রি, ভেরা আর গোল্ড স্ট্যান্ডার্ড, তাদের কোথাও পাট বা প্রাকৃতিক তন্তুর জন্য কোনো পদ্ধতি নথিভুক্ত হয়নি। আর এই শূন্যতাই আবার এক বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

দায়টা শুধু প্রথম বিশ্বের নয়

আমাদের একটা বড় অভিযোগের জায়গা আছে। আমরা বলি, বিশ্ব জুড়েই উন্নয়নশীল দেশের পণ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। বলি, নিয়মগুলো বড় অর্থনীতির সুবিধা মাথায় রেখেই বানানো। কথাগুলো পুরোপুরি ভুল নয়। আন্তর্জাতিক আলোচনার টেবিলে আমাদের মতো দেশের কণ্ঠস্বর যে তুলনায় ক্ষীণ, সেটিও অস্বীকার করার উপায় নেই। তবু এবার একটু থেমে নিজেদের দিকে তাকানো দরকার। বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্য গুরুত্বপূর্ণ না হয়ে ওঠার ব্যর্থতার বড় অংশের দায় আমাদের নিজেদেরই।

সতেরো বছর ধরে আমরা গর্ব করে বলে আসছি, এক হেক্টর পাট প্রায় পনেরো টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রায় এগারো টন অক্সিজেন ফিরিয়ে দেয়। পাটের প্রায় অপ্রতিদ্বন্দ্বী উপযোগিতার এই কথা সেমিনারে উচ্চারিত হয়, ব্রোশিওরে ছাপা হয়, বক্তৃতায় ফিরে ফিরে আসে, শিক্ষার্থীদের আলোচনায়ও অংশ পায়। অথচ এই সংখ্যার উৎস খুঁজতে গেলে শেষ পর্যন্ত পাওয়া যায় ২০০৯ সালের একটি প্রচারপত্র। তার পেছনে মাঠপর্যায়ের কোনো নিয়ন্ত্রিত গবেষণা নেই। আন্তর্জাতিক কোনো জার্নালে এর পর্যালোচনাও হয়নি। সতেরো বছর ধরে আমরা এমন একটি তথ্য প্রচার করেছি, যা নিজেরা কোনোদিন যাচাই করে দেখিনি।

ভালোবাসা আছে, পদক্ষেপ নেই

আমরা যখন বলি পাট বাংলাদেশের সোনালি আঁশ, তখন আমাদের মধ্যে দেশীয় পণ্য হিসেবে পাটের প্রতি অনেক ভালোবাসা ও গর্ব কাজ করে। কিন্তু সেই ভালোবাসা ও গর্ব খুব কমই গবেষণা বা কোনো বাস্তবিক পদক্ষেপে রূপান্তরিত হয়েছে। পাট সম্পর্কে আমাদের পরিচিতি বা ভালোবাসার একটা বড় অংশ জুড়েই থাকে নস্টালজিয়া। মানে আমরা অতীত গৌরব যাপন করেই থেমে যাচ্ছি। নস্টালজিয়া দিয়ে একটি জাতিকে উদ্বুদ্ধ করা যায়, কিন্তু নস্টালজিয়া দিয়ে কোনো বিদেশি ক্রেতাকে বাড়তি দাম দেওয়ানো যায় না।

এই কথাটা এখানে দাঁড়িয়ে আরও স্পষ্ট হয়ে উঠছে। প্যাভিলিয়নে যারা আসছেন তাদের অনেকেই পেশাগতভাবে কার্বনের হিসাব করেন। তারা গল্প শুনতে আসেননি, তারা সূত্র জানতে চান। আর সূত্রের প্রশ্ন উঠলেই আমাদের হাত খালি হয়ে যায়।

পোশাক খাতকে বাধ্য করা হয়েছিল, পাটকে কেউ করেনি

তুলনাটি অপ্রিয়, তবে প্রাসঙ্গিক। আমাদের তৈরি পোশাক খাত এক দশকে কমপ্লায়েন্স, নিরীক্ষা আর তথ্যভাণ্ডারের যে অবকাঠামো দাঁড় করিয়েছে, তা তারা স্বেচ্ছায় করেনি। ক্রেতারা বাধ্য করেছিলেন বলেই করতে হয়েছে। পাটের ক্ষেত্রে কেউ কখনো সেই চাপ দেয়নি। কারণ সবাই পাটকে এমনিতেই পরিবেশবান্ধব ধরে নিয়েছেন। সেই অনুমানের আরামে বসে থেকে আমরা প্রমাণ তৈরির কাজটি প্রায় দুই দশক পিছিয়ে দিয়েছি। এখন ইউরোপ সত্যিই প্রমাণ চাইতে শুরু করেছে, আর দেখা যাচ্ছে আমাদের হাতে দেখানোর মতো ডকুমেন্ট প্রায় কিছুই নেই।

এর মাশুল এখন নগদে গুনতে হচ্ছে। ইউরোপে ইকোডিজাইন নিয়ন্ত্রণ আর ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট ধাপে ধাপে কার্যকর হচ্ছে। সেখানে প্রতিটি পণ্যের পরিবেশগত তথ্য যাচাইযোগ্য প্রমাণসহ দিতে হবে। ব্রোশিওরের বাক্য সেখানে কাজে আসবে না। আমি নিজে এই পরিবর্তনটা টের পাচ্ছি প্রতিদিনের কাজে। কারণ, তিন-চার বছর আগে ক্রেতারা আমার কাছে নমুনা আর দাম চাইতেন, আর আজ তারা চান তথ্য, যার পেছনে একটা সূত্র থাকবে।

জাতিসংঘে প্রস্তাবটি আমাদেরই

সবচেয়ে বড় আফসোস হলো, প্রাকৃতিক তন্তু নিয়ে জাতিসংঘের যে প্রস্তাবটি রয়েছে, সেটি বাংলাদেশই প্রথম তুলেছিল, ২০১৯ সালে। সাধারণ পরিষদ প্রতি দুই বছর অন্তর তা নবায়ন করে আসছে। আমাদের মতো আয়তনে ছোট একটি দেশের নামে জাতিসংঘে একটি প্রস্তাব থাকা সাধারণ ঘটনা নয়। অনেক বড় দেশেরও এমন কূটনৈতিক সম্পদ নেই। কিন্তু প্রস্তাব শেষ পর্যন্ত কিছু শব্দ, আর শব্দের পেছনে হিসাব না দাঁড়ালে তা কাগজেই থেকে যায়। সাত বছর ধরে আমরা শব্দটি ধরে রেখেছি, প্রতিবার নবায়নের খবরে উল্লসিত হয়েছি। অথচ যে গবেষণা ওই শব্দকে অর্থবহ করে তুলতে পারত, তা একবারও শুরু করিনি।

চারটি কাজ, একটিও কঠিন নয়

প্রথমে দরকার মাঠের গবেষণা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে পাটের পূর্ণাঙ্গ জীবনচক্র বিশ্লেষণ করুক। এর ফলাফল প্রকাশিত হোক আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে। কারণ, নিজের প্রকাশনায় ছাপা সংখ্যার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা কম থাকে। এই গবেষণায় যে অর্থ লাগবে, তা একটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের খরচের চেয়ে বেশি নয়। অথচ এর ফলাফল কাজে লাগবে কয়েক দশক।

এরপর পদ্ধতির প্রস্তাব। হিসাব হাতে এলে বাংলাদেশ অনুচ্ছেদ ৬ দশমিক ৪-এর তত্ত্বাবধায়ক সংস্থার কাছে প্রাকৃতিক তন্তুর জন্য একটি পরিমাপ পদ্ধতির খসড়া উপস্থাপন করতে পারে। জাতিসংঘের প্রস্তাবটি যেহেতু আমাদের হাতে তৈরি, এই দাবি তোলার নৈতিক অধিকারও আমাদেরই সবচেয়ে বেশি। পদ্ধতি একবার অনুমোদিত হলে তা শুধু বাংলাদেশের নয়, ভারত, নেপাল এবং আফ্রিকার সিসাল উৎপাদক দেশগুলোরও কাজে লাগবে। এতে একটি কারিগরি অর্জন থেকে কূটনৈতিক নেতৃত্বও তৈরি হবে।

তৃতীয় কাজ উৎস যাচাই। যে পণ্যের উৎপত্তি প্রমাণ করা যায় না, তার পরিবেশগত দাবিও প্রমাণ করা যায় না। তাই বহুমুখী পাটপণ্যের জন্য আলাদা এইচএস কোড আর একটি কার্যকর ট্রেসেবিলিটি ব্যবস্থা একসঙ্গে এগোতে হবে। একটি ছাড়া অন্যটির কার্যকারিতা অর্ধেক হারিয়ে যায়।

শেষ কাজটি অর্থের। এই গবেষণা অন্তত দুই বছরের, অথচ বার্ষিক বাজেটের বরাদ্দ দুই বছর একইভাবে টিকে থাকে না। জেডিপিসির জন্য প্রস্তাবিত স্থায়ী তহবিল থেকে এর ব্যয় নির্বাহ করা গেলে কাজটি অর্থবছরের রাজনীতির বাইরে থাকবে। তাহলে শেষ পর্যন্ত কাজটি শেষও হবে।

চারটি কাজের কোনোটিই অসম্ভব নয়, ব্যয়বহুলও নয়। তবু একটিও এখনো শুরু হয়নি। এই শুরু না করাটাই সম্ভবত আমাদের সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত।

এই সম্মেলন শেষ হবে ২০ নভেম্বর। তার মাত্র চার দিন পরে, ২৪ নভেম্বর, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার কথা ছিল। সেটি আপাতত পিছিয়েছে, আর এই বাড়তি সময়টুকুই এখন আমাদের হাতে থাকা সবচেয়ে বড় সম্পদ। কারণ, অবকাশ তখনই মূল্যবান, যখন তা কাজে লাগানো হয়। নইলে কয়েক বছর পর আমরা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে একই আফসোস করব, শুধু তারিখটা বদলে যাবে।

আমরা আঁশের ওজন মাপতে জানি, কিন্তু আঁশটি কী বাঁচায়, তা আজও মাপতে শিখিনি। সোনালি আঁশকে আবার সত্যিকার অর্থে সোনালি বলতে হলে ভালোবাসা ও গর্বের জায়গায় এবার প্রমাণ বসাতে হবে।

লেখক: পাট রপ্তানিকারক ও উদ্যোক্তা। কপ৩১ সম্মেলনে অংশগ্রহণকারী।

সোনালি আঁশকূটনীতিককপ৩১ সম্মেলনপাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল