পাহাড়ে স্থায়ী শান্তির আসল পথ কী?

সংগৃহীত ছবি
বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—প্রাকৃতিক সৌন্দর্য, বিপুল খনিজ ও বনজ সম্পদ এবং কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট আয়তনের প্রায় এক-দশমাংশ জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি স্বাধীনতার পর থেকেই বহুমুখী অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং গভীর আস্থাহীনতার এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হওয়ার পর দেশবাসী প্রত্যাশা করেছিলেন পাহাড়ে রক্তপাত বন্ধ হবে এবং স্থায়ী শান্তির সুবাতাস বইবে। কিন্তু চুক্তির দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাহাড়ে প্রকৃত শান্তি সুদূরপরাহতই রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাংগামাটির সাজেকে ইউপিডিএফ ও জে এস এস এর সশস্ত্র গোষ্ঠির সন্ত্রাসী কর্মকান্ড এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র তৎপরতা, ব্যাংক ডাকাতি, অপহরণ এবং পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক দলগুলোর মধ্যকার ভ্রাতৃঘাতী সংঘাত আবারও প্রশ্ন তুলেছে—পাহাড়ে স্থায়ী শান্তির আসল পথ কী?
পাহাড়ের এই সংকটকে কেবল কোনো স্থানীয় বা বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী সমস্যা হিসেবে দেখলে এর প্রকৃত সমাধান মিলবে না। এর পেছনে রয়েছে সুদূর প্রসারিত ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। ব্রিটিশ আমলে প্রণীত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি (CHT Regulation 1900) এই অঞ্চলকে মূল ভূখণ্ড থেকে এক ধরনের বিচ্ছিন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে রেখেছিল, যা পরবর্তীকালে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরির প্রধান বীজ বপন করেছিল। স্বাধীনতার পর সংবিধান প্রণয়নকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে সৃষ্ট সাংবিধানিক মতভেদ দ্রুতই সশস্ত্র রূপ নেয়। ‘শান্তি বাহিনী’র দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারো সাধারণ বাঙালি, পাহাড়ি ও নিরাপত্তা বাহিনীর সদস্য।
এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান—ভারত ও মিয়ানমারের সঙ্গে দীর্ঘ অরক্ষিত সীমান্ত—এই অঞ্চলকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির এক জটিল দাবার ঘুঁটিতে পরিণত করেছে। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যে চলমান দীর্ঘ গৃহযুদ্ধ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা সরাসরি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ও প্রভাব ফেলছে। অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থান্বেষী মহলের ইন্ধন পাহাড়ের শান্তি প্রক্রিয়াকে বারবার নস্যাৎ করে দিচ্ছে। ১৯৯৭ সালের শান্তি চুক্তি তৎকালীন প্রেক্ষাপটে সংঘাত নিরসনের একটি রাজনৈতিক উদ্যোগ হলেও এতে কিছু মৌলিক সাংবিধানিক ও কাঠামোগত অসংগতি রয়ে গিয়েছে। চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে এমন কিছু সমান্তরাল প্রশাসনিক কাঠামো তৈরির কথা বলা হয়েছে, যা দেশের এককেন্দ্রিক শাসনব্যবস্থা ও সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
সবচেয়ে বড় ও গুরুতর বিষয় হলো, শান্তি চুক্তিতে পাহাড়ে বসবাসরত প্রায় অর্ধেক জনগোষ্ঠী—অর্থাৎ বাঙালিদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়টি চরমভাবে উপেক্ষিত হয়েছে। একটি অঞ্চলের অর্ধেক মানুষকে বঞ্চিত রেখে বা পরবাসী বানিয়ে রেখে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চুক্তির পর উপজাতীয়দের একাংশ যেমন চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করে আসছে, তেমনি চুক্তিবিরোধী অন্য একটি অংশ এটিকে প্রত্যাখ্যান করে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে শান্তি চুক্তি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে আঞ্চলিক দলগুলোর মধ্যে বিভাজন, আধিপত্য বিস্তার এবং ব্যাপক চাঁদাবাজির এক নতুন ক্ষেত্র তৈরি করেছে। বর্তমানে পাহাড়ে জেএসএস (সন্তু লারমা), জেএসএস (সংস্কারপন্থী), ইউপিডিএফ (মূল), ইউপিডিএফ (গণতান্ত্রিক), মগ লিবারেশন পার্টি এবং কেএনএফ-এর মতো অন্তত অর্ধ ডজন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এদের অন্তহীন অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের রক্তক্ষয়ী লড়াইয়ে সাধারণ পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীই আজ চরমভাবে জিম্মি।
পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান—ভারত ও মিয়ানমারের সঙ্গে দীর্ঘ অরক্ষিত সীমান্ত—এই অঞ্চলকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির এক জটিল দাবার ঘুঁটিতে পরিণত করেছে। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যে চলমান দীর্ঘ গৃহযুদ্ধ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা সরাসরি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ও প্রভাব ফেলছে
পাহাড়ে চলমান এই দীর্ঘস্থায়ী অশান্তির অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হলো অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির অর্থনীতি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের তথ্যমতে, পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতি বছর সাধারণ মানুষ, ব্যবসায়ী, ঠিকাদার, পরিবহন মালিক এমনকি সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাছ থেকে জিম্মি করে শত শত কোটি টাকা চাঁদা আদায় করে। পাহাড়ে একটি কলার ছড়ি বিক্রি থেকে শুরু করে যেকোনো মেগা অবকাঠামো নির্মাণ—সব ক্ষেত্রেই এই সশস্ত্র গ্রুপগুলোকে নিয়মিত ‘ট্যাক্স’ দিতে বাধ্য করা হয়। এই বিপুল অবৈধ অর্থ দিয়েই তারা আন্তর্জাতিক বাজার থেকে আধুনিক মারণাস্ত্র সংগ্রহ করে এবং নিজেদের ক্যাডার বাহিনী পরিচালনা করে। এই ব্যাপক চাঁদাবাজি এবং নিরাপত্তার চরম অভাবের কারণে পাহাড়ে কোনো ধরনের বড় দেশি-বিদেশি বিনিয়োগ আসছে না। পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, খনিজ সম্পদ আহরণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পার্বত্য অঞ্চল আজ অর্থনৈতিকভাবে চরম পিছিয়ে রয়েছে। স্থানীয় বেকারত্ব ও তরুণদের হতাশার সুযোগ নিয়ে এই সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের বিপথগামী করছে এবং অপরাধের সাথে যুক্ত করছে।
পাহাড়ে কাগুজে চুক্তি বা সাময়িক কোনো রাজনৈতিক সমঝোতা দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাষ্ট্রের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, সাংবিধানিক স্পষ্টতা এবং একটি সর্বজনীন অন্তর্ভুক্তিমূলক রূপরেখা। প্রথমত, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক সমান। পাহাড় ও সমতলের মধ্যকার সব ধরনের বৈষম্য দূর করতে হবে এবং দেশের এককেন্দ্রিক শাসনকাঠামো অক্ষুণ্ণ রেখে সকল নাগরিকের—তা তিনি পাহাড়ি হোন বা বাঙালি—জমি কেনাবেচা, স্থায়ী বসবাস, ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক প্রতিনিধিত্বের সমান অধিকার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভেতরে কোনো সমান্তরাল সশস্ত্র বাহিনী বা চাঁদাবাজ চক্রের অস্তিত্ব মেনে নেওয়া যায় না। পার্বত্য অঞ্চল থেকে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সমন্বিত ও জোরালো অভিযান পরিচালনা করতে হবে এবং চাঁদাবাজদের অর্থের উৎস কঠোরহস্তে দমন করতে হবে। তৃতীয়ত, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পার্বত্য সীমান্তের দুর্গম এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা চৌকি বাড়াতে হবে। সীমান্ত সড়ক নির্মাণ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, যাতে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় বা অস্ত্র সহায়তা না পায়।
চতুর্থত, পাহাড়ের অন্যতম অত্যন্ত সংবেদনশীল বিষয় হলো দীর্ঘদিনের ভূমি বিরোধ। প্রথাগত ভূমি মালিকানা ও রাষ্ট্রীয় আইনের মধ্যে বাস্তবসম্মত সমন্বয় সাধন করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ডিজিটাল ভূমি জরিপ পরিচালনা করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে সেখানে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে। পঞ্চমত, শান্তি চুক্তির পর পাহাড় থেকে বিভিন্ন সময়ে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারের ফলে সৃষ্ট নিরাপত্তা শূন্যতায় বহু এলাকায় সন্ত্রাসীরা অভয়ারণ্য গড়ে তুলেছে। পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতি এবং সামগ্রিক নিরাপত্তার স্বার্থে প্রয়োজন সাপেক্ষে সেনাবাহিনীর নির্দিষ্ট উপস্থিতি ও ক্যাম্পগুলো বজায় রাখা অত্যন্ত জরুরি।
সেনাবাহিনী কেবল নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নেও অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। ষষ্ঠত, পাহাড়ের তরুণদের হাতে অস্ত্রের বদলে কলম, কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তি তুলে দিতে হবে। পার্বত্য জেলাগুলোতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তুলতে হবে। স্থানীয় উৎপাদিত ফলমূল (আম, আনারস, কাজুবাদাম, কফি) প্রক্রিয়াকরণ শিল্প এবং পরিবেশবান্ধব পর্যটন খাতের বিকাশে রাষ্ট্রীয় বড় ধরনের প্রণোদনা দিতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা ও কর্মসংস্থান তৈরি হলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই অস্ত্র ও সন্ত্রাসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। পরিশেষে, পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দূরত্ব ও অবিশ্বাস দূর করতে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বাড়াতে হবে।
পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় মূলধারার সঙ্গে তাদের একাত্মতা জোরদার করতে হবে। স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও কমিউনিটি নেতাদের সমন্বয়ে নিয়মিত সংলাপের আয়োজন করতে হবে, যাতে কোনো ধরনের স্বার্থান্বেষী মহল কৃত্রিম উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রতীক। এই অঞ্চলের এক ইঞ্চি মাটিও যেন কোনোভাবেই সন্ত্রাসীদের দখলে না থাকে এবং কোনো নাগরিক যেন নিজ দেশে পরবাসী বোধ না করে, তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। দলীয় সংকীর্ণতা ও আঞ্চলিক রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি বাস্তবমুখী ও আপসহীন পদক্ষেপই কেবল পাহাড়ে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
লেখক : অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক।




