মালেশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

শুক্রবার লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে ভূমিধসে মাটিচাপা পড়া এক বাংলাদেশির মরদেহ রবিবার উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ায় ভূমিধসে নিখোঁজের দুদিন পর এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রশিক্ষিত কুকুর ফ্র্যাঙ্কি তার অবস্থান শনাক্ত করে।
এর আগে গত শুক্রবার দেশটির কেলান্তান প্রদেশের লোজিং হাইল্যান্ডসে একটি সবজি খামারে ভূমিধসে মাটিচাপা পড়েন তিনি।
নিহত বাংলাদেশি শ্রমিকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)।
স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ফাহাদ মাটিচাপা পড়েন। দুই দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
গুয়া মুসাং পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানিয়েছেন, মাটির স্তূপের নিচ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে তার মরদেহ পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সকাল ৮টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর অংশ নেয়।




