সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি
সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ হামলায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বৃহস্পতিবার সকালে শহীদ সওদাগর তার ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আল খারিজ শহরের এ হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছিল। তারা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন।

