ডাবলিনে ৮ নভেম্বর বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক
- প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার প্রত্যয়

সংগৃহীত ছবি
প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। ৮ নভেম্বর (রবিবার) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের এক হোটেলে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান করা হবে।
এতে থাকবেন আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও। এ সময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতিও তুলে ধরা হবে।
আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে সংগঠনটি। দেশটিতে কর্মরত বাংলা ভাষার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জীবনযাত্রা, অর্জন, সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে কাজ করবে সংগঠনটি।
আয়োজকদের ভাষ্য, শুধু স্থানীয় সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ থাকতে চায় না বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনা ও সাফল্যের পাশাপাশি প্রবাসীদের অর্জন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনমত গঠন এবং প্রবাসীদের কণ্ঠস্বর সংবাদমাধ্যমে তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় তারা।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি সাংবাদিক জাহিদ মমিন চৌধুরী। সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজ। তাদের পাশাপাশি অভিজ্ঞ ও পেশাদার একদল সংবাদকর্মী সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের আশা, বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আনুষ্ঠানিক অভিষেকের মধ্য দিয়ে দেশটিতে বাংলা সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, তথ্যের আদান-প্রদান এবং দায়িত্বশীল সংবাদচর্চার পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখবে।
প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, নিজস্ব ভাষা, সংস্কৃতি, দেশীয় পরিচয় ও জাতীয় স্বার্থ তুলে ধরারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ বিবেচনায় বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আত্মপ্রকাশ দেশটির বাংলাদেশি কমিউনিটির জন্য একটি নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৮ নভেম্বরের অভিষেক অনুষ্ঠান ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে নতুন নেতৃত্বের পরিচিতির পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রমের দিকনির্দেশনাও তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।




