ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয় : প্রতিমন্ত্রী হেলাল

সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত
ভূমি সেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ‘ভূমি ব্যবস্থাপনায় ওয়ান পার্সেন্ট (১ শতাংশ) দুর্নীতিও বরদাশত করা হবে না। দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন, যেন নাগরিকেরা সেবাপ্রাপ্তির মাধ্যমে বুঝতে পারে যে তারাই এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।
ভূমিখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় ওয়ান পার্সেন্ট (১%) দুর্নীতিপরায়ণ লোক রয়েছে, যাদের অপকর্মের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
নবীন এসিল্যান্ডদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু নিজেরা সতর্ক বা সৎ থাকলে চলবে না। আপনারা নিজেরা যেভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন, অধীনস্থ সহকর্মীদেরও তা অনুসরণে অনুপ্রাণিত করতে হবে। মনে রাখবেন, অধীনস্থদের ভালো-মন্দের সকল কাজের দায়-দায়িত্ব দিনশেষে আপনাদের ওপরই বর্তাবে।’
সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে, প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) প্রধানমন্ত্রীর এই নির্দেশনা স্মরণের আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।




