প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
‘প্রতিবেশী রাষ্ট্র পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে’

বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আগামীর সময়
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে, যাতে বাংলাদেশের মানুষ মেধাভিত্তিক জাতি গঠন করতে না পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘এই দেশটা আমাদের সবার। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যদি মাদক সম্পর্কে সচেতন না হই, তাহলে মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারব না।’
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি গুম, খুন এমন কোনো জঘন্য কাজ নেই, যা তিনি করেননি। আবার তাদের কেউ কেউ বলছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। যাদেরকে বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে, তারা আবার কী করে দেশে ফিরবে? তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।’
তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।




