সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়
যাত্রীসেবায় এয়ারলাইনসগুলোকে বেবিচকের জরুরি নির্দেশনা

সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালন কার্যক্রমে বিঘ্নের কারণে ফ্লাইট বিলম্ব, বাতিল ও সময়সূচি পরিবর্তনের মুখে পড়া যাত্রীদের দ্রুত তথ্য জানানো এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীদের খুদে বার্তা, ফোনকল, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানাতে হবে। ফ্লাইট নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার নির্দেশনাও দিতে বলা হয়েছে।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতেএ তথ্য জানানো হয়।
নির্দেশনা সম্বলিত চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের (কেএসএ) বিমানবন্দরগুলোর পরিচালন কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে সরাসরি বা ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা সময়সূচি পরিবর্তনের তথ্য সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস, টেলিফোন, ই-মেইল, এয়ারলাইনসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানাতে হবে। একই সঙ্গে পরিবর্তিত সময়সূচি, পুনরায় টিকিট বুকিং (রি-বুকিং), টিকিটের অর্থ ফেরত (রিফান্ড) এবং অন্যান্য প্রযোজ্য বিষয়ে যাত্রীদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে।
এতে জানানো হয়, ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহযোগিতা করতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতে হবে এয়ারলাইনসগুলোকে।
নির্দেশনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সেবা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না থাকা কিংবা অন্য কোনো কারণে যেসব ক্ষতিগ্রস্ত যাত্রী বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বা হবেন, তাদের যথাযথ সেবা ও সহায়তা দিতে হবে। বিশেষ করে প্রবীণ, শিশু, প্রতিবন্ধী এবং বিশেষ যত্নের প্রয়োজন এমন যাত্রীদের জন্য বসার ব্যবস্থা, খাবার পানি, হালকা খাবার, মূল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া প্রতিটি সংশ্লিষ্ট এয়ারলাইনসকে পর্যাপ্ত সহায়ক কর্মীসহ একজন দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট মনোনয়ন দিতে বলা হয়েছে চিঠিতে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্টকে জানাতে হবে। সংকটকালজুড়ে ফোকাল পয়েন্টকে সার্বক্ষণিক যোগাযোগযোগ্য থাকতে হবে এবং যাত্রীদের সহায়তা, ফ্লাইটের হালনাগাদ তথ্য ও পরিচালনসংক্রান্ত বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
চিঠিতে আরও জানানো হয়, কোনো ক্ষতিগ্রস্ত যাত্রীকে অভিভাবকহীন বা অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। যাত্রীদের সঙ্গে সহানুভূতিশীল ও আন্তরিক আচরণ করতে হবে এবং পুরো পরিস্থিতি সম্পর্কে তাঁদের স্পষ্ট, নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, যাতে তাঁরা প্রয়োজনীয় সহায়তা পান।
নির্দেশনায় সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে অবিলম্বে এসব ব্যবস্থা বাস্তবায়ন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্টের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার কথা বলা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা, কল্যাণ, সময়মতো তথ্য প্রদান ও কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে বেবিচক।




