প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি

ছবি: পিএমও
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতা রোবোসাবে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে এদিন মতবিনিময় করছিলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে এ তথ্য।
এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী হিসেবে তাদের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলছিলেন, ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগ এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তার নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোবোসাব আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে। এতে বাংলাদেশের হয়ে এই শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেও এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা প্রজেক্ট পোসাইডনস কোড-এর প্রতিনিধি দল। এটি দেশের প্রথম পানির নিচের কোনো রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।




