আনসার-ভিডিপি ডিজির সঙ্গে ফায়ার সার্ভিস ডিজির সাক্ষাৎ

গতকাল আনসার-ভিডিপি ডিজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফায়ার সার্ভিস ডিজি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদর দপ্তরে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল মোতায়েন ব্যবস্থাপনা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে বাহিনীর সার্বিক সংস্কার ও সক্ষমতা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশাল এই স্বেচ্ছাসেবী সাংগঠনিক কাঠামোর ব্যাপক সম্ভাবনার বিষয়ে উপস্থাপন ও আলোচনা করেন।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় ওয়ার্ড, জোন ও থানাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করেন আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের ডিজিরা।
অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই বাহিনীর একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপও করেন ডিজিরা। এমনকি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।



