৮২ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ, পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রী

বিমানবন্দরে পরিস্থিতি পর্যবেক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
সামনের চাকা সম্প্রসারণে ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (১০ অক্টোবর) দুপরের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি পরিস্থিতিতে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ (ডিএইচ-৮) মডেলের উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৮২ জন আরোহী নিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এতে নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা তৈরি হয়। এ পরিস্থিতিতে দুপুর ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি অবস্থার কথা জানান পাইলট। তখন উড়োজাহাজটি প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরে এরিয়া কন্ট্রোল থেকে ঢাকার টাওয়ারকে বিষয়টি জানানো হয়।
জরুরি বার্তা পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি উড়োজাহাজটির অবতরণের জন্য মার্শালিংয়ের প্রস্তুতি নেওয়াসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করা হয়।
পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে বিকাল ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যদিও উড়োজাহাজটির অবতরণের নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা।



