আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

সংগৃহীত ছবি
সক্রিয় ‘ধারা’ বৃষ্টিবলয়ের প্রভাবে আজও রয়েছে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় হতে পারে একটানা ভারী থেকে অতিভারী বর্ষণ।
আজ শনিবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই বৃষ্টিবলয় আগামী ১৩ জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের অধিকাংশ এলাকার আকাশ মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দেশের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় মেঘের আধিক্য বেশি দেখা যাবে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগ এবং উপকূলীয় অঞ্চলে মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে।
চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা আরামদায়ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির বিরতিকালীন সময়ে দেশের অল্প কিছু এলাকায় সামান্য ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আজ দিনের আকাশে স্থানভেদে শূন্য থেকে সর্বোচ্চ ৩ ঘণ্টা পর্যন্ত সূর্যের কিরণ দেখা যেতে পারে। তবে দক্ষিণাঞ্চলে রোদের দেখা মেলার সম্ভাবনা নেই। বৃষ্টিবাহী মেঘগুলো গড়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হচ্ছে।
এদিকে, লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ২২৭ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ১১ জুলাই ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আজ দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৩১ মিনিট।
আজ বজ্রপাত বা কালবৈশাখী ঝড়ের বড় কোনো সম্ভাবনা না থাকলেও বৃষ্টির আগে কিছুটা দমকা হাওয়া বয়ে যেতে পারে। হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকায় মেঘের গর্জন শুনলে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দেশে পরবর্তী বৃষ্টিবলয় তৈরি হতে পারে।




