লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

ভারী বৃষ্টির প্রভাবে আট জেলায় রয়েছে বন্যার আশঙ্কা/ফাইল ছবি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের একটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। আরও আট জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও রয়েছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
মঙ্গলবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও রয়েছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার কেন্দ্রের পূর্বাভাসে আরও জানানো হয়, রবিবার ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদনদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলাতেও রয়েছে বন্যার আশঙ্কা।





