কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন ইয়াসিন আলী (১৭) নামে এক মাদ্রাসাছাত্র।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নোয়াপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের ভাড়া বাসায় থাকতেন তিনি। স্থানীয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির মানবিক বিভাগে পড়তেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ইয়াসিন আলী। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান। তিনি বলেন, দুর্ঘটনার পর আটক করা হয়েছে কাভার্ডভ্যানটি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




