জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি ক্যাশৈন্যু মারমা। তিনি জানান, কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। তিনি আরও বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট হয়ে মোড় নেওয়ার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। দুর্ঘটনার পর আরোহী কাভার্ডভ্যানটি আটকে রাখেন। এ সময় চালককে মারধর করেন কয়েকজন উত্তেজিত ব্যক্তি। রক্তাক্ত মরদেহ ও ভাঙা মোটরসাইকেল সড়কে পড়ে থাকায় সেখানে সৃষ্টি হয় সাময়িক যানজটের।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে যাওয়ার পর ট্রাকচালক সেটিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি।





