‘ফোন নামিয়ে রাখুন’

কে-পপ বয়ব্যান্ড কোরটিস ছবি: টুইটার
কনসার্টে শিল্পীর পারফরম্যান্সের বদলে মোবাইল ফোনের পর্দায় চোখ আটকে থাকা এখন খুবই পরিচিত দৃশ্য। তবে এই অভ্যাস বদলাতে চাইছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয়ব্যান্ড কোরটিস। তাদের চলমান বিশ্ব সফরের নামই ‘পুট ইয়োর ফোন ডাউন’।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ইনচনে সফরের প্রথম কনসার্টে মঞ্চে উঠেই এক সদস্য দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘ফোন নামিয়ে রাখুন।’ মুহূর্তেই উল্লসিত হয়ে ওঠে দর্শকসারি। কিন্তু উল্লাসের মধ্যেও হাজারো মোবাইল ফোনের ক্যামেরা ছিল ওপরে। পরে আরও জোর দিয়ে একই অনুরোধ করলেও অধিকাংশ দর্শক ফোন হাতে রেখেই পারফরম্যান্স ধারণ করতে থাকেন।
কোরটিসের এই আহ্বানের উদ্দেশ্য, ভক্তরা যেন ৬ ইঞ্চির মোবাইল ফোনের স্ক্রিনের মধ্য দিয়ে কনসার্ট না দেখে সরাসরি শিল্পীদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করেন। ফোন নিয়ে বিরক্তি অবশ্য নতুন নয়। বিটিএস সদস্য জাংকুকও এক কনসার্টে ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ফোনের স্ক্রিনে না তাকিয়ে তার দিকে তাকাতে। বিলি আইলিশও আমস্টারডামের এক অনুষ্ঠানে সামনের সারির দর্শকদের বলেছিলেন, ‘ফোন নামিয়ে রাখুন, আমি তো এখানেই আছি।’ ফোবি ব্রিজার্স ও অ্যালিশিয়া কিজের মতো শিল্পীরা আবার ফোন ব্যবহারে বাধা দিতে বিশেষ লক পাউচ ব্যবহার করেছেন। বিটিএসের পর কোরটিস এরই মধ্যে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।




