লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে ঝরবে বৃষ্টি

সংগৃহীত ছবি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় আছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক পূর্বাভাসে বলেছেন, আগামীকাল রবিবার থেকে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোম থেকে বুধবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময় বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ভারী বর্ষণপ্রবণ ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।




