ঋণ নয় অনুদান চাইলেন প্রধানমন্ত্রী
- জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা
- টেকসই অর্থনীতির জন্য জলবায়ু তহবিলে অনুদান বাড়ানোর তাগিদ
- বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের পাঁচ দফা দাবি

জলবায়ু সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল তুরস্কের আন্তালিয়ায় - পিএমও
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দায় কম, অথচ ভুগতে হচ্ছে বেশি গরিব দেশগুলোকে। এই বাস্তবতায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, বরং অনুদানের দাবি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনের জন্য বরাদ্দ রাখাসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বানও বিশ্বনেতাদের জানালেন তিনি।
গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের নগণ্য ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হলেও বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, ‘জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়।’
তিনি জানান, নানা চ্যালেঞ্জের পরও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অন্যের পরিপূরক হিসেবে এগিয়ে নিচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ উদ্যোগ
দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড সার্টিফাইড তৈরি পোশাক কারখানাসহ সবুজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত পণ্যের প্রসারের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কথাও জানান তিনি।
নদী ও বনায়ন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। পদ্মা ও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে।
৫ দফা প্রস্তাব
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টায় সহায়তা দেওয়া।
২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
৫. কপ৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে নির্গমন কমানোর আহ্বান জানান। সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপান্তরের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।



