নরসিংদী ইকোনমিক জোন
মেঘনাপাড়ে ২৫ হাজার কর্মসংস্থানের হাতছানি
- ১০০০ একরের অঞ্চলটিতে থাকবে পোশাক, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বহুমুখী কারখানা
- সর্বোচ্চ গুরুত্ব পাবে পরিবেশ সুরক্ষা
- ত্রিমুখী যোগাযোগব্যবস্থা আকৃষ্ট করবে বিনিয়োগকারীদের
- পাশে থাকার আশ্বাস স্থানীয় সাংসদের

প্রচ্ছদ ছবি: এআই
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে নরসিংদী ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চল)। প্রায় এক হাজার একর জমির এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সৃষ্টি হবে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান। মেঘনা গ্রুপের প্রকল্পটি আমূল পাল্টে দেবে রায়পুরা তথা নরসিংদীর আর্থসামাজিক চিত্র ও মানুষের জীবনযাত্রার মান। পুরো দেশের অর্থনীতির পালে হাওয়া দেবে মেঘনাপাড়ের এ অর্থনৈতিক অঞ্চলটি। তবে এ প্রকল্পের কারণে মেঘনা নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিতে দেওয়া হবে বিশেষ গুরুত্ব।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী রায়পুরার এই বিশাল চরাঞ্চল ও নদীপাড়ের এলাকায় আধুনিক অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থার সমন্বয়ে পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি শিল্পায়নের জন্য অত্যন্ত উপযোগী ও গুরুত্বপূর্ণ। একদিকে মেঘনা নদীর সহজ ও সাশ্রয়ী নৌপথ, অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়ক এবং রেলপথের নিকটবর্তী হওয়ায় পণ্য পরিবহন, ভারী যন্ত্রপাতি স্থানান্তর ও কাঁচামাল আমদানি-রপ্তানির ক্ষেত্রে এটি এক অনন্য সুবিধা পাবে। এই ত্রিমুখী যোগাযোগব্যবস্থার কারণে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের কাছে রায়পুরার এই অর্থনৈতিক অঞ্চলটি একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, এই ইকোনমিক জোনে তৈরি পোশাক (গার্মেন্টস), টেক্সটাইল, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা ও ভারী প্রকৌশল, প্লাস্টিক ও রাসায়নিক শিল্পসহ বিভিন্ন বহুমুখী শিল্পকারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
কাজের সন্ধানে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা দেশের অন্য শিল্পাঞ্চলে পাড়ি জমাতে হতো স্থানীয় তরুণ-তরুণীদের। ইকোনমিক জোন চালু হলে নিজ এলাকাতেই সম্মানজনক ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ পাবেন তারা
তবে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেঘনা নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আধুনিক বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এবং সবুজ শিল্পায়নের (গ্রিন ইন্ডাস্ট্রি) ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও নদী ভাঙনকবলিত রায়পুরার চরাঞ্চল এবং নদীতীরবর্তী জনপদের মানুষের মধ্যে এই মেগা প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মনে করছেন, এত বড় একটি শিল্পাঞ্চল গড়ে উঠলে এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত বেকারত্ব ও দারিদ্র্য দূর হবে। শুধু কারখানার ভেতরেই নয়, এর প্রভাবে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা-বাণিজ্য, আবাসন খাত, পরিবহন, হোটেল-রেস্তোরাঁ, কাঁচাবাজার এবং অন্যান্য সেবা খাতেও ব্যাপক অর্থনৈতিক গতিশীলতা আসবে। ফলে স্থানীয় মানুষের মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
এতদিন উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ শেষ করে কাজের সন্ধানে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা দেশের অন্য শিল্পাঞ্চলে পাড়ি জমাতে হতো স্থানীয় তরুণ-তরুণীদের। ইকোনমিক জোন চালু হলে নিজ এলাকাতেই সম্মানজনক ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ পাবেন তারা।
অর্থনীতিবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, মেঘনা গ্রুপের নরসিংদী ইকোনমিক জোন বাস্তবায়িত হলে রায়পুরা শুধু নরসিংদী জেলার মধ্যেই নয়; বরং জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই মেগা প্রকল্পকে কেন্দ্র করে পুরো উপজেলায় প্রশস্ত ও উন্নত রাস্তাঘাট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, আধুনিক ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নত স্বাস্থ্যসেবা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নাগরিক সুবিধাগুলো দ্রুত সম্প্রসারিত হবে।
প্রকল্পের কারণে মেঘনা নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিতে দেওয়া হবে বিশেষ গুরুত্ব
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলছেন, মেঘনা গ্রুপের নরসিংদী ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে রায়পুরা তথা পুরো নরসিংদীর অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। এই ইকোনমিক জোনকে কেন্দ্র করে রায়পুরাবাসীর জীবনযাত্রার মানে আমূল পরিবর্তন আসবে, জীবনযাত্রার মান পাল্টে যাবে। তাই রায়পুরার মানুষের কথা চিন্তা করে প্রশাসনিক আইন ও বিধিমালা মেনে নরসিংদী ইকোনমিক জোন বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, মেঘনা গ্রুপের নরসিংদী ইকোনমিক জোন গড়ে উঠলে রায়পুরায় ব্যাপক শিল্পের বিকাশ ঘটবে। আমরা রায়পুরাকে একটি আধুনিক শিল্পনগরী, শিক্ষানগরী ও পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে চাই— এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। নরসিংদী ইকোনমিক জোন বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা থাকবে।
জমি অধিগ্রহণ ও স্থানীয়দের স্বার্থ রক্ষার প্রসঙ্গে তিনি আরও বললেন, জনগণকে তাদের জমির ন্যায্যমূল্য বুঝিয়ে দিয়ে ইকোনমিক জোনে বিনিয়োগ করালে কারও কোনো দাবি বা অভিযোগ থাকবে না। এক্ষেত্রে মালিকপক্ষ যেমন আগ্রহী, আমরাও তেমনই আন্তরিক। একটি সুন্দর ও পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে উঠলে এলাকার অর্থনীতির চাকা সচল হবে। যারা রায়পুরায় ইকোনমিক জোন বা শিল্পনগরী গড়ে তুলতে এগিয়ে আসবেন, আমরা সবসময় তাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।
সব মিলিয়ে মেঘনাপাড়ের এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রায়পুরাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটি আলোর মুখ দেখলে এই অঞ্চলের মানুষের জীবনমান এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা করছেন এলাকার সর্বস্তরের মানুষ।




