জাজিরার সংঘর্ষ স্থানীয়দের অন্তর্দ্বন্দ্বে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের ঘটনাকে স্থানীয়দের ‘অন্তর্দ্বন্দ্ব’ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন তিনি। এ ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন সালাহউদ্দিন আহমদ। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের মধ্যে আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী।
এদিকে, আজ ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সেখানে বেশ কিছু ককটেল ফাটানো হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নিজামউদ্দিন মৃধা (৪০) ঢাকায় নেওয়ার পথে মারা যান। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
অপরদিকে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মারা যান ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার বাসিন্দা ও হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। ইব্রাহিম সিপাহী নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।






