ভারত ও মিয়ানমার সীমান্তে কীভাবে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। সংগৃহীত ছবি
সীমান্ত হত্যা, অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন।
কিন্তু সীমান্তে এই কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে, কোনো নির্দিষ্ট নিয়ম কি মানতে হবে- কিংবা প্রতিবেশী দেশের সাথে কি আলোচনা করতে হবে?
আন্তর্জাতিক আইনে কী আছে?
আন্তর্জাতিকভাবে সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সার্বজনীন কোনো আইন নেই। নিরাপত্তা নিশ্চিত এবং অভিবাসন নিয়ন্ত্রণে যেকোনো সার্বভৌম দেশের নিজ সীমান্তে স্থাপনা নির্মাণের স্বাধীনতা রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সমঝোতা করা হয়। যেমন, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, শুন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য থাকা স্থাপনা গড়তে পারবে না। এছাড়া উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল।
কিন্তু নিরাপত্তার স্বার্থে নিজ সীমান্তে বেড়া দেওয়া রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে বলে জানান অধ্যাপক সাহাব এনাম খান। সেক্ষেত্রে প্রতিবেশী দেশের দিক থেকে কোনো ধরনের বাধা দেওয়ার সুযোগ থাকে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক।
তবে যুদ্ধকালীন অবস্থার মতো মানবিক সংকটের সময় শারীরিক স্থাপনা নির্মাণ না করার ‘নর্ম অ্যান্ড প্র্যাকটিস’ রয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের দিক থেকে ইতোমধ্যেই কাঁটাতারের বেড়া থাকায় বাংলাদেশের এই উদ্যোগেও কোনো নিয়ম ভাঙ্গা হচ্ছে না বলে মনে করছেন এই অধ্যাপক।
কিন্তু ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের ঘটনায় জাতীয় নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে। যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক এবং নৈতিক বলেই মনে করছেন তিনি। ‘এতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা না হলেও তা আন্তর্জাতিক চর্চার বিপরীতমুখী অবস্থান। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান জাতীয় এবং আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই করা সম্ভব’, যোগ করেন তিনি।
অন্যদিকে কাঁটাতারের বেড়াকে ‘আস্থার অভাব’ হিসেবেই দেখছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ। তার ভাষ্য, ‘যেকোনো দেশ বা দুই দেশই যদি কাঁটাতার বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তাতে পরিষ্কারভাবেই পরস্পরের প্রতি আস্থার অভাবের দিকটি প্রকাশ পেয়ে যায়।’
দরকার প্রযুক্তিগত সমাধান
গত ২৬ এপ্রিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দ্বিতীয় পর্যায়ের সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক, যার মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৬৬৬ কোটি ৩৬ লক্ষ ৭৩ হাজার টাকা।
এর আগে প্রথম পর্যায়ে তিন হাজার ৮৬০ কোটি ৮২ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। সীমান্ত সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে এলে দ্রুততম সময়ের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



