দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে, তারেক রহমান যোগ দেবেন কি-না সেই বিষয়টি এখনো নিশ্চিত করে জানানো হয়নি বাংলাদেশের পক্ষ থেকে।
বিশ্বের প্রধান উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক ও অর্থনৈতিক জোট ব্রিকস। আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।
তবে বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।
গত সোমবার তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ওই সম্মলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন কি-না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে, এই বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।
পরদিন মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিং করেন। সেখানেও তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মি. জয়সওয়াল বলেছেন- এ নিয়ে কোনো আপডেট থাকলে সেটি তিনি জানাবেন।
সাবেক কূটনীতিকরা মনে করেন, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকেই চেষ্টা ছিল।
তারা বলছেন, চলতি বছরের পাঁচই অগাস্ট নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্যে দুই দেশের মধ্যে আবারো কিছুটা দূরত্ব তৈরি হয়েছে ঠিকই। তবে, তারেক রহমান যদি ভারত সফরে যান তাহলে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
নয়াদিল্লিতে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব মাশফি বিনতে শামস বিবিসি বাংলাকে বলেছেন, এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে ঠিকই, তবে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তারেক রহমানের এই সফরে যাওয়া উচিত।
তারেক রহমানের সফর নিয়ে ধোঁয়াশা কেন?






