সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ১৫০ আসন

ছবিঃ আগামীর সময়
জাতীয় সংসদ গ্যালারিতে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ৫০টি। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি সেই আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেয়ার জন্য আবেদন জানিয়ে পত্র লেখেন স্পিকারের কাছে। একইসঙ্গে বয়সে বড় শিক্ষার্থীদের জন্য ১০০ আসন চেয়ে আবেদন জানান তিনি। স্পিকার মঞ্জুর করেছেন সে আবেদন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, এখন থেকে সংসদ অধিবেশন দেখতে পাবেন শিক্ষার্থীরা। সংসদ পরিচালনা পদ্ধতি সম্পর্কেও জানতে পারবেন তারা। ফলে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেনজিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।















