মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে পেজে দেওয়া এক পোস্ট জানানো হয় এসব তথ্য।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।
প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে—এক. কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং টাকা বা তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়া। দুই. যেকোনো প্রলোভন বা অনুরোধের মুখে কোনো প্রকার আর্থিক লেনদেন না করা।
সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।



