চাঁদের পিঠে আলোকপিণ্ড

সংগৃহীত ছবি
দেশের আকাশে চাঁদের এক মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলেছে। বাঁকা চাঁদের পিঠে যেন বসে আছে উজ্জ্বল কোনো আলোকপিণ্ড। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্যটি।
হঠাৎ এমন দৃশ্য দেখে কৌতূহলী হয়ে ওঠেন বাগেরহাটের শরণখোলার স্থানীয়রা। অনেকেই বাড়ির বাইরে, রাস্তার পাশের খোলা জায়গায় উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন দৃশ্যটি একপলক দেখার আশায়।
এ সময় অনেকেই তাদের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোকপিণ্ড দেখতে পাওয়ার খবর।
খোঁজ নিয়ে জানা গেছে, বিরল এই দৃশ্যটি শুধু শরণখোলার আকাশেই নয়, এটি দেশের সব প্রান্তেই স্বচ্ছ আকাশে দেখা মিলেছে।
শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকার বাসিন্দা বদরুন্নেসা হক (৩২) ও জেসমিন আক্তার (৫০) বলেছেন, আমরা চাঁদের এমন দৃশ্য আগে কখনো দেখিনি। প্রথম দেখে অবাক হয়েছি, অন্যদেরও দেখিয়েছি।
তবে জ্যোতির্বিজ্ঞানের ভাষায়,
আকাশে দেখা ওই আলোকপিণ্ড কোনো অজানা বস্তু বা নতুন তারা নয়। এটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের সঙ্গে শুক্রগ্রহ আকাশে খুব কাছাকাছি অবস্থান করছিল। চাঁদ ও শুক্রের মধ্যে সর্বনিম্ন কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট, অর্থাৎ এক ডিগ্রিরও কম। এ ধরনের কাছাকাছি অবস্থানকে close approach বা conjunction বলা হয়।



