মালিকপক্ষের ওপর আস্থাহীনতায় ফের উত্তপ্ত পোশাক খাত

আজ মঙ্গলবারও গাজীপুরে সড়ক অবরোধ করে পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। ছবি : আগামীর সময়
ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া এবং মালিকপক্ষের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না আসায় দেশের তৈরি পোশাক শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। আলোচনার টেবিলের চেয়ে মাঠের উত্তাপ ও চাপই যেন এখন শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। রাজপথে কার্যকর প্রভাব বিস্তার ও চাপ সৃষ্টি না করলে মালিকপক্ষ সম্মানজনক হারে বেতন বাড়াবে না—এমন ধারণার ওপর ভর করেই শ্রমিকরা আজ মঙ্গলবার আবারও রাস্তায় নেমে এসেছেন।
মজুরি বোর্ড গঠনে দেরি এবং সামগ্রিক পরিস্থিতির নেপথ্য কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘মজুরি বোর্ড গঠনের পর কমপক্ষে ৫-৬ মাস সময় লাগে মজুরি চূড়ান্ত করতে। শ্রমিকদের এবং মালিকদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়, সেগুলো আলোচনার মাধ্যমে একটি ঐকমত্যে আসতে এই সময় লাগে। এ কারণে আমরা গত আগস্ট মাসেই সরকারকে বলেছিলাম মজুরি বোর্ড গঠনের জন্য। কিন্তু সরকার নতুন হওয়ায় এবং এই খাতের শ্রমিকদের সঙ্গে কাজ করার মতো কোনো শাখা ছিল না বা তারা ঠিকমতো কাজ করতে পারেনি। যার ফলে একটি অসংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক মেরুকরণ। সব মিলিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ।’
তিনি আরও বলেছেন, ‘তৃতীয় বৈঠক না হওয়া এবং বিভিন্ন মাধ্যমে মালিকপক্ষের ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাবের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ায় শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তবে আমরা বারবার বলছি শিল্পে বিশৃঙ্খলা কোনো পক্ষের জন্যই ভালো হবে না।’
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়া এবং মালিকদের নীরবতাকে মজুরি বৃদ্ধি নিয়ে কালক্ষেপণ হিসেবেও দেখছেন অনেক শ্রমিক নেতা। এ বিষয়ে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেছেন, ‘মজুরি বোর্ডের সভা না হওয়ার জন্য শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা মনে করছেন এটি মজুরি বাড়ানো নিয়ে টালবাহানা শুরু হয়েছে। যদিও বৈঠক স্থগিত হওয়ায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি; কিন্তু মালিকপক্ষ এখনো সব শ্রমিক সংগঠন নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকও করেনি। ফলে শ্রমিকরা এক ধরনের আস্থাহীনতার মধ্যে রয়েছে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘শোনা যাচ্ছে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করতে পারে। সেটা হলে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। বর্তমান বাজার পরিস্থিতিতে কোনোভাবেই ১৫-১৬ হাজার টাকা মজুরি মেনে নেওয়া হবে না। মূলত এসব কারণেই শ্রমিকরা আবার রাস্তায় নেমে এসেছেন।’
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতায় মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। কিন্তু মালিকপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
অন্যদিকে, শিল্পের স্বার্থে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক শিল্প ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম রাজা আগামীর সময়কে বলেছেন, ‘শ্রমিকদের সম্মানজনক মজুরি দিতে সরকার আন্তরিক। আমরা আন্দোলনের নামে কোনো কারখানা বন্ধ হয়ে যাক সেটি চাই না। শিল্প বন্ধ হলে মালিক-শ্রমিক উভয়েরই ক্ষতি। মজুরি বোর্ড গঠিত হয়েছে, সেখানে আমরা একটি প্রস্তাব দিয়েছি, মালিকপক্ষ প্রস্তাব দেবে, তারপর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে পর্যন্ত আমি মনে করি শ্রমিকদের শান্ত থাকা দরকার।’
মালিকপক্ষের আনুষ্ঠানিক প্রস্তাব না থাকা সত্ত্বেও শ্রমিকদের ক্ষুব্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘মালিকরা এখনো চূড়ান্ত প্রস্তাব না দিলেও বিভিন্ন মাধ্যমে শ্রমিকরা জানতে পারছে তারা ১৫ হাজার টাকা প্রস্তাব দিতে পারে। শ্রমিকদের ক্ষুব্ধ হওয়ার জন্য সেটাও একটি কারণ। তারা মনে করছে মাঠে প্রভাব দেখাতে না পারলে মালিকরা মজুরি বাড়াবে না।’
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতায় মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। কিন্তু মালিকপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। উল্টো মালিকদের অভ্যন্তরীণ আলোচনায় অধিকাংশ মালিক ১৫ হাজার টাকা প্রস্তাব দেওয়ার পক্ষে মত দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের হিসাব অনুযায়ী, ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা করা হলে মজুরি বাড়ে মাত্র ২ হাজার ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলেই তারা রাজপথে নেমেছেন।
মাঠের এই আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের কিছু এলাকায় কারখানা ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটছে। তবে শ্রমিক নেতাদের স্পষ্ট দাবি, প্রকৃত ও সাধারণ শ্রমিকরা কখনোই নিজেদের কর্মস্থল ধ্বংসের সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে রফিকুল ইসলাম রাজা বলেছেন, ‘আমরা মনে করি কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে প্রকৃত শ্রমিক জড়িত থাকতে পারে না।’
একই সুরে আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে অরবিন্দু বেপারী বলেছেন, ‘কিছু এলাকায় বিশৃঙ্খলা বেশি হচ্ছে, সেখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। তাদের চিহ্নিত করে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
সংশ্লিষ্ট মহলের মতে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃতীয় পক্ষকে চিহ্নিত করার পাশাপাশি সব শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসে মালিকপক্ষের দ্রুত একটি গ্রহণযোগ্য মজুরি প্রস্তাব উপস্থাপনই পারে এই শিল্পাঞ্চলের চলমান অস্থিরতা নিরসন করতে।





