স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা

ছবি: আগামীর সময়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি–ওর্ন ক্যামেরার’ ব্যবহার বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সব ভোট কেন্দ্রকে সিসিটিভির ক্যামেরার আওতায় আনার চিন্তা করছি আমরা। পাশাপাশি আমরা ‘বডি–ওর্ন ক্যামেরা’ আরও বৃদ্ধি করব। একই সঙ্গে আমরা ড্রোনের ব্যবহার করব, যাতে দ্রুত কোথায় কী হচ্ছে সেটি জেনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টকে তরান্বিত করতে পারি।
নির্বাচনে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, মিস ইনফরমেশনের ঝুঁকি কীভাবে মোকাবিলা করব, সেই ব্যবস্থা নিচ্ছি আমরা।
নির্বাচন কেন্দ্রের অবকাঠামোগত সমস্যার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তার ভাষায়, ভোট সেন্টারগুলোয় অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আমরা স্থানীয়ভাবে সমাধানের ব্যবস্থা নিচ্ছি।
জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার কথা জানিয়ে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, সেটি আমরা কাজে লাগাব।
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটি এখনো নির্দিষ্ট করে জানায়নি কমিশন। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।





