৪১-এ চুক্তির চাকরি, ৪৫ বছরে স্থায়ী, এবার পদোন্নতিও

গ্রাফিকস: আগামীর সময়
চুক্তিপাঠ বিদায় হওয়ার কথা, অর্থাৎ চুক্তি শেষ, চাকরিও শেষ। কিন্তু সেটি ঘটেনি বিমানের উপমহাব্যবস্থাপক মো. আশরাফুল আলমের বেলায়। চুক্তিভিত্তিক চাকরিটিকেই স্থায়ী চাকরিতে রূপ দিয়েছেন তিনি, যা বিধিবিধানের আওতায় পড়ে না।
বিশেষ ব্যবস্থার চাকরিতে যোগ দেওয়ার সময় আশরাফুল আলমের বয়স ছিল ৪১। তিন বছর পর বাড়িয়েছেন আরও এক বছর, অর্থাৎ চার বছর চুক্তির চাকরি শেষ করতে করতে তার বয়স হয়ে যায় ৪৫। ওই বয়সে স্থায়ী চাকরির কোনো সুযোগই নেই। কারণ, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরে নির্ধারিত। এত নিয়মের ব্যত্যয় ঘটিয়ে চাকরিতে থাকা আশরাফুলের হয়েছে এক দফা পদোন্নতিও। আবারও পদোন্নতির ফুল ফুটছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরে জারি করা একটি চিঠি ইঙ্গিত দিচ্ছে— বিষয়টি শুধু একজনকে ঘিরেই সীমাবদ্ধ নয়; পদোন্নতির অংশ হিসেবে ওই চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় অভিযোগ বা আদালতে মামলা রয়েছে কি না, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য চাওয়া হয় পদোন্নতির বেলায়। এ প্রক্রিয়ায় আশরাফুল আলম ছাড়াও মোট ১৬ কর্মকর্তা অন্তর্ভুক্ত।
জন্ম তারিখ অনুযায়ী ঠিক ৪১ বছর বয়সে ২০১৮ সালের ১ জুলাই মোহাম্মদ আশরাফুল আলম (জি-৫১২০০) ব্যবস্থাপক অর্থ (অ্যাকাউন্টস) পদে যোগ দেন। সর্বসাকল্যে মাসিক বেতন নির্ধারণ হয় ১ লাখ ১০ হাজার টাকা। যার মধ্যে মূল বেতন ৪৯ হাজার ৮৮০ টাকা এবং বাড়িভাড়া (মূল বেতনের ৫০%) ২৪ হাজার ৯৪০ টাকা। তিন বছর মেয়াদি চুক্তি পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৯ মে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ থেকে অবসান দেখানো হয়। তবে এর মাত্র কয়েক দিন পর ১৬ মে পুনরায় এক বছরের জন্য চুক্তি বাড়ানোর আবেদন করেন। পরে বিমান কর্তৃপক্ষ ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত এক বছরের নতুন করে ডিড অব অ্যাগ্রিমেন্ট সম্পাদন করে। নতুন চুক্তিপত্রে তার মাসিক বেতন নির্ধারণ হয় ১ লাখ ২১ হাজার ৭৯৩ টাকা। যার মধ্যে মূল বেতন ৫৭ হাজার ৭৪২ টাকা, বাড়িভাড়া ২৮ হাজার ৮৭১ টাকা এবং অন্যান্য ভাতা ৩৫ হাজার ১৮০ টাকা অন্তর্ভুক্ত ছিল; যা আগের নিয়োগপত্রের তুলনায় বেশি।
চুক্তি অবসানের পর নিজেই স্থায়ীকরণের জন্য আবেদন করেছিলেন বলেও নথিতে উল্লেখ রয়েছে। সেই আবেদনের ভিত্তিতেই ব্যবস্থাপক অর্থ (অ্যাকাউন্টস) পদে তার স্থায়ী চাকরি হয়, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।চাকরির ধারাবাহিকতায় ২০২৩ সালের ৯ আগস্ট তাকে ‘উপমহাব্যবস্থাপক হিসাব’ পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৮ সালে চুক্তিভিত্তিক যোগদানের মাত্র পাঁচ বছরের মধ্যে এই পদোন্নতি নিয়েও প্রশ্ন উঠেছে।





