অপরাধী নিজ দলের হলেও রেহাই পাবে না
- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম
অপরাধী নিজ দলের হলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের পুলিশ ফাঁড়ি মাঠে আয়োজিত সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি।
প্রতিমন্ত্রী জানালেন, শুধু সিসি ক্যামেরা স্থাপন করলেই হবে না, অপরাধ দমনে সবাইকে আরও সচেতন হতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
ভৈরব চেম্বার অব কমার্স ও জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপন করা হয়েছে স্থানে এসব সিসি ক্যামেরা। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী নেতা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভৈরব সার্কেলের এএসপি আবু মুসা, ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। পরে প্রতিমন্ত্রী যোগ দেন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে।







