প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
স্বপ্ন হলো সত্যি! বিদ্যুতের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো রূপুপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। আজ মঙ্গলবার বিকাল ৩টায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু করে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতার নতুন অধ্যায়।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।
এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আগামীর সময়কে জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই অনুমোদন দেবে সংস্থাটি।
প্রথম ইউনিটের গ্রিড সংযোগ হলো ওই ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। তবে এর অর্থ এই নয় যে, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। বরং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএয়ের নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা মাত্র।
এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুরের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিয়েক্টর, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করা হতে পারে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হবে।
তবে পুরো সময়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা আগামী সময়কে বলেন, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। তার আগে সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলকভাবে কিছু বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হলো, যাতে চূড়ান্ত সংযোগে কোনো সমস্যা না হয়। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে যেহেতু অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা মুশকিল।
সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া উপলক্ষে সরকারের আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা আছে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে-পরেও আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বে ৩৩তম দেশ বাংলাদেশ। ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে।
১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে রূপপুরের এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট।
চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখান থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে গ্রিডে।
অপরদিকে, দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।
রূপপুরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বায়েরার অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি।





