নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
জুমার নামাজ শেষে একদল শিশুর সঙ্গে খেলাধুলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান তিনি। পাশাপাশি তাদের জন্য খেলার সামগ্রী দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদের বাইরে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের খোঁজখবর নেন। তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলাধুলা করে কি না, তা জানতে চান।
শিশুদের কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেট খেলার কথা জানায়। এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছে বাস্কেটবল ও টেবিল টেনিস খেলে কি না, তা-ও জানতে চান।
আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী শিশুদের খেলার সামগ্রী দেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সঙ্গে হাত মিলিয়ে ‘ওকে, সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন।
গত বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



