দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট? আইন কী বলে

কোলাজ ছবি: এআই দিয়ে তৈরি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার আবেদনের খবরে প্রশ্ন উঠেছে, তিনি পাসপোর্ট পেতে পারেন কি না?
যে আদালত থাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলছেন, দণ্ডিত শেখ হাসিনাকে আইন অনুযায়ী পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই।
তবে আইনের যে ধারা তুলে ধরে আমিনুল ইসলাম এই দাবি করছেন, তার সঙ্গে ভিন্নমত জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তার মতে, কেউ বিদেশে থাকলে এই ধারা প্রযোজ্য হবে না।
আবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মতে, শেখ হাসিনার পাসপোর্ট যেহেতু বাতিল হয়েছে, তাই তাকে এখন তা ফিরে পেতে আপিল করতে হবে, সেজন্য ধরা দিতে হবে আইনের কাছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্টধারী। এরপর অন্তর্বর্তী সরকার তার অফিসিয়াল পাসপোর্টটি বাতিল করে।
শেখ হাসিনা এখন পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে রয়েছেন বলে মনে করা হচ্ছিল। এর মধ্যে গতকাল রয়টার্স খবর দেয়, নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। তা করা হয়েছে লন্ডনের একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে।
তার প্রতিক্রিয়ায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা পাসপার্টের জন্য আনুষ্ঠানিক আবেদন এখনো করেননি। তার পক্ষ থেকে একটি প্রতিষ্ঠান ইমেইলে এই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
আবার নতুন পাসপোর্ট না দিয়ে দণ্ডিত শেখ হাসিনাকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার কথাও বলছে সরকার।
ধরে নেওয়া যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবার সাধারণ পাসপোর্ট চেয়েই আবেদন করবেন। তাহলে তিনি কি তা পেতে পারেন? চলুন খুঁজে তার উত্তর।
কী আছে পাসপোর্ট আইনে?
পাসপোর্ট হচ্ছে ভ্রমণ দলিল, যা বিদেশে নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃত। বাংলাদেশে সাধারণত বিদেশ ভ্রমণের জন্যই পাসপোর্ট করেন নাগরিকরা। এই পাসপোর্ট দেওয়ার কাজটি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের মাধ্যমে।
বাংলাদেশের পাসপোর্ট আইন বা ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ এর ৬ ধারায় বলা আছে, কোন কোন কারণে সরকার কাউকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানাতে পারে।
# ১৯৭২ সালের দালাল আইনে দণ্ডিত ব্যক্তি
# আবেদনের আগে পাঁচ বছরের মধ্যে নৈতিক স্থলনজনিত কারণে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি
# মুদ্রা, মাদকদ্রব্য, অস্ত্র, নারী ও দাস পাচার, বৈদেশিক মুদ্রা বা পাসপোর্ট চোরাচালানের অপরাধে দণ্ডিত ব্যক্তি এবং যুক্তিসঙ্গতভাবে সন্দেহভাজন ব্যক্তি
# ফৌজদারি আদালতে হাজিরা এড়িয়ে যাওয়া ব্যক্তি কিংবা যার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে
৬ ধারার ১ নম্বর উপধারায় পাসপোর্ট বা ভ্রমণ দলিল অস্বীকার করার আরো পাঁচটি শর্ত আছে।
এছাড়া ২ নম্বর উপধারায় বলা হয়েছে, তিনটি শর্তে পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট বা ভ্রমণ দলিল ইস্যু করতে বাধ্যতামূলকভাবে অস্বীকার করবে।
# যদি আবেদনকারী বাংলাদেশের বাইরে বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যকলাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে
# যদি আবেদনকারী জনস্বার্থে কোনো আইনের অধীনে যে সেবা প্রদান করতে তিনি বাধ্য, সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন- এমন বিষয়ে তিনি যুক্তিসঙ্গতভাবে সন্দেহভাজন হয়ে থাকেন
# যদি আবেদনকারীকে পাসপোর্ট বা ভ্রমণ দলিল দেওয়া জনস্বার্থের অনুকূল হবে না বলে সরকারের কাছে মনে হয়
আইনের ৭ ধারার ১ নম্বর উপধারায় বলা হয়েছে, পাসপোর্ট কর্তৃপক্ষ কোনো পাসপোর্ট বা ভ্রমণ দলিল পরিবর্তন বা বাতিল করতে পারবে এবং লিখিত নোটিসের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দিতে পারবে।
পাসপোর্ট কর্তৃপক্ষ কখন কোনো পাসপোর্ট জব্দ অথবা বাতিল করতে পারবে, তা বলা আছে ৭ নম্বর উপধারায়।
# পাসপোর্ট কর্তৃপক্ষ যদি মনে করে যে, পাসপোর্ট বা ভ্রমণ দলিলটির ধারক তা অন্যায় বা বেআইনিভাবে দখলে রেখেছেন
# যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট বা ভ্রমণ দলিলটি সংগ্রহ করা হয়ে থাকে
# যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার স্বার্থে অথবা জনস্বার্থে তা করা প্রয়োজন বলে পাসপোর্ট কর্তৃপক্ষ মনে করে
# পাসপোর্ট ইস্যুর পর যদি সংশ্লিষ্ট্ ব্যক্তি দণ্ডিত হয়ে থাকেন
# যদি আদালত পাসপোর্টধারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়
আইনে বলা আছে, পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকার কিংবা বাতিল করলে তার কারণ সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তাকে লিখিতভাবে জানাবে।
যা বলছেন প্রধান প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট আইনের ৬ ও ৭ নম্বর ধারা প্রাসঙ্গিক।
নিজের মতামত তুলে ধরে তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। যেহেতু তিনি দণ্ডিত, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নাই তাকে পাসপোর্ট দেওয়ার।
ব্যক্তির স্বাধীনতা সংক্রান্ত সংবিধানের ৩৬ অনুচ্ছেদ কোনো দণ্ডিত ব্যক্তি, পলাতক ব্যক্তির বেলায় প্রযোজ্য হবে না বলেও মত দেন তিনি।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ- সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, যে কোনো স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
শেখ হাসিনার ফেরার হওয়ার বিষয়টি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট আইনের ছয়ের ই-তে বলেছে, কোনো আসামি যদি তার বিরুদ্ধে প্রসিডিং এড়িয়ে চলেন, অথবা পলাতক থাকেন, তাহলেও তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবে না। ফলে আর্টিকেল ৩৬-এর দোহাই দিয়ে যারা কথা বলছেন যে, তার বাংলাদেশে আসার অধিকার আছে। এটি আমার মনে হয় একটা বিভ্রান্তিকর বক্তব্য।
চিফ প্রসিকিউর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দণ্ডিত হন এবং তিনি রায়ের ৩০ দিনের মধ্যে যদি আপিল না করেন, তাহলে তিনি আর আপিল করতে পারবেন না। অর্থাৎ শেখ হাসিনা এক্ষেত্রে বিচার এড়িয়ে চলছেন।
‘তার আপিল দায়েরের ভবিষ্যতে আর কোনো আইনগত সুযোগও নাই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কীভাবে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তো বিচারের সাথে এটা রাষ্ট্রের একটা মোকাবিলার সামিল হবে।’
দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি সত্যিকারের অর্থে আসতে চান, আমরা পরিষ্কার উপদেশ দিতে চাই, যে আপনি ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিতভাবে আপনি বলুন যে, এক্সট্রাডিশন চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এবং এইটি হবে আপনার জন্য সঠিক পন্থা।’
ভিন্নমত মনজিল মোরসেদের
দণ্ডিত হোক কিংবা পলাতক, বিদেশে থাকা নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট আইনের ৬ ও ৭ নম্বর ধারা প্রযোজ্য নয় বলে মনে করেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি আগামীর সময়কে বলেন, ‘ওখানে ওই কথা বলা হয় নাই যে, বিদেশে থেকে যদি কেউ পাসপোর্টের জন্য আবেদন করে, তখন তার যদি সাজা হয়, তখন তাকে দেবে না। এরকম কথা আইনে বলা নাই। আর এরকম কথা আইন বলতেও পারে না।’
এদিকে আইনজীবী শিশির মনির বলেন, কর্তৃপক্ষ কারো পাসপোর্ট বাতিল করলে তা পুনরায় ইস্যুর আবেদন করা যায় না। তাকে কর্তৃপক্ষ বরাবর আপিল করতে হবে।
পাসপোর্ট আইনের ১০ ধারায় আপিলের কথা বলা আছে। তবে সেখানে শর্ত রয়েছে, সরকার কর্তৃক প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
এই আপিল একটি আইনি পদক্ষেপ জানিয়ে শিশির মনির বলেন, ‘ফলে কোনো পলাতক ব্যক্তি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারেন না। আইনের অধীনে কোনো দরখাস্ত করতে হলে অবশ্যই সেই ব্যক্তিকে প্রথমে আইনের কাছে সারেন্ডার করতে হবে।’



