বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

সংগৃহীত ছবি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা বিষয়ে জ্ঞান বিনিময় এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। কর্মসূচির মধ্যে ছিল জনসচেতনতামূলক কার্যক্রম, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে চিকিৎসাসেবা। এতে সহযোগিতা করেছে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
গতকাল শনিবার রাজধানীর মিরপুরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মিরপুরের সেকশন-৬, ব্লক-এ অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মুসা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হোসেন।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন এবং উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান, জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এদিকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা মিরপুর-১০ এবং আলোক জেনারেল হাসপাতাল মিরপুর-৬ শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ পরিমাপ এবং রক্তে শর্করা পরীক্ষা, রক্তের পূর্ণাঙ্গ গণনা, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও প্রস্রাব পরীক্ষা করার সুযোগ পান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা ছিল।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ জরুরি। জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের বৈজ্ঞানিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।



