হাম উপসর্গে শিশু মৃত্যু ৪০০ ছাড়াল

ছবিটি রবিবার ডিএনসিসি হাসপাতাল থেকে তোলা- ফোকাস বাংলা
দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু হয়েছে আরও ১১ শিশুর। এ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে হাসপাতালে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ জন।




