হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৯

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৭৬।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় নতুন করে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে।
এতে উল্লেখ করা হয়েছে, এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন।




